Sunday 19 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পাওয়ার অব শি’ আয়োজিত ‘উদ্যোক্তা হান্ট’ বাছাই পর্ব অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১২:৫৭

ঢাকা: ‘পাওয়ার অব শি’ আয়োজিত ‘উদ্যোক্তা হান্ট’ প্রতিযোগিতার চূড়ান্ত বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীরা তাদের ব্যবসায়িক ধারণা, পণ্য, সেবা, উদ্ভাবনী উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন এবং বিচারকরা সৃজনশীলতা, পণ্যের মান, বাজার সম্ভাবনা, উপস্থাপনা দক্ষতা, ব্যবসায়িক পরিকল্পনা ও সামাজিক প্রভাবের ভিত্তিতে মূল্যায়ন করেন।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর মিরপুরে ঋদ্ধি গ্যালারিতে এ আয়োজন সম্পন্ন হয়। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্ভাবনাময় নারী ও তরুণ উদ্যোক্তারা অংশ নেন।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার, হাল ফ্যাশনের প্রধান ও সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান, হেড অব করপোরেট অ্যাফেয়ার্স জিসান কিংশুক ও উইমেন চেম্বারের সঙ্গীতা আহমেদ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে এমন উদ্যোগ সময়োপযোগী। তরুণ প্রজন্মের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ বাড়াতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চূড়ান্ত বাছাইয়ে বিজয়ী স্টার্টআপ হিসেবে মনোনীত হয়েছেন জারিন রায়হান, রোকসানা ইসলাম ও মনিরা আলম।

এছাড়া, বিজয়ী দুই শিক্ষার্থী হচ্ছেন ইনস্টিটিউট অব সায়েন্স, ট্রেড অ্যান্ড টেকনোলজির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় সেমিস্টারের রিজওয়ানা সুলতানা এবং স্টামফোর্ড ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া বিভাগের মাস্টার্সের জান্নাতি ইভা।

চূড়ান্ত পর্ব থেকে নির্বাচিত উদ্যোক্তারা আগামী ৯ ও ১০ মে অনুষ্ঠেয় ‘উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬’ এ অংশগ্রহণের সুযোগ পাবেন। তাদের জন্য থাকবে বিনামূল্যে স্টল সুবিধা, পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ, নেটওয়ার্কিং সুবিধা এবং সেরা উদ্যোক্তাদের জন্য সম্মাননা ও পুঁজি সহায়তা।

দুদিনব্যাপী ‘উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬’ এ নারী উদ্যোক্তা, তরুণ প্রজন্ম, ব্যবসায়িক নেতৃত্ব, বিনিয়োগকারী ও আগ্রহী অংশগ্রহণকারীদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে। এতে উদ্যোক্তাদের পণ্যের প্রদর্শনী, অভিজ্ঞতা বিনিময়, সম্মাননা প্রদান, স্বাস্থ্যবিষয়ক সেমিনার ও নতুন উদ্যোক্তা তৈরির জন্য মাস্টার ক্লাস ও সেশন থাকবে।

এছাড়াও থাকবে ৩৩টি স্টল—যেখানে নারী উদ্যোক্তাদের পাশাপাশি নতুন উদ্যোক্তাদের জন্য ফ্রি স্টল সুবিধা, এসিড সারভাইভারদের তৈরি পণ্য, প্রতিবন্ধী উদ্যোক্তাদের তৈরি পণ্য, হস্তশিল্প, ফ্যাশন ও উদ্ভাবনী পণ্যের প্রদর্শনী।

পাওয়ার অব শি-এর চেয়ারম্যান সাবিনা স্যাবি বলেন, ‘নারী উদ্যোক্তাদের বিকাশ ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী সমাজ গঠন সম্ভব। নারীদের জন্য টেকসই প্ল্যাটফর্ম তৈরি করাই আমাদের মূল লক্ষ্য, যেখানে তারা তাদের দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে বাস্তব ব্যবসায় রূপান্তর করতে পারবেন।’

তিনি বলেন, ‘উদ্যোক্তা হান্টের মতো উদ্যোগ নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের সামনে এগিয়ে আসার সুযোগ তৈরি করছে। এ ধরনের আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়; বরং শেখা, নেটওয়ার্কিং ও আত্মবিশ্বাস গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।’

পাওয়ার অব শি একটি অলাভজনক সংগঠন, যা ২০১৭ সাল থেকে নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা উন্নয়ন, মানসিক ও শারীরিক স্বাস্থ্য সচেতনতা এবং ডিজিটাল নিরাপত্তা নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটি নারীদের জন্য প্রশিক্ষণ, ব্যবসায়িক পরামর্শ, নেটওয়ার্কিং সুযোগ সৃষ্টি ও তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নিয়মিত বিভিন্ন কর্মসূচি, সেমিনার, প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

সারাবাংলা/ইউজে/ইআ