Thursday 11 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় কর দিতে হবে না

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ১৬:৩১ | আপডেট: ১১ জুন ২০২৬ ১৭:০৯

ঢাকা: ব্যাংক হিসাবের জমার ওপর আবগারি শুল্ক থেকে অব্যাহতির সীমা বাড়ানোর প্রস্তাব করছে সরকার। ২০২৬-২৭ অর্থবছর থেকে কোনো গ্রাহকের ব্যাংক হিসাবে বছরে সর্বোচ্চ ৪ লাখ টাকা পর্যন্ত জমা থাকলে তাকে আর কোনো আবগারি শুল্ক দিতে হবে না।

বর্তমানে ব্যাংক হিসাবে বছরে ৩ লাখ টাকা পর্যন্ত জমার ক্ষেত্রে কোনো আবগারি শুল্ক দিতে হয় না। তবে জমার পরিমাণ ৩ লাখ ১ টাকা থেকে ৫ লাখ টাকার মধ্যে হলে ১৫০ টাকা আবগারি শুল্ক দিতে হয়। নতুন প্রস্তাব অনুযায়ী, শুল্কমুক্ত জমার সীমা আরও ১ লাখ টাকা বাড়ানো হচ্ছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে সকালে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক—উভয় উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা নিয়েছে। বাজেট প্রস্তাব অনুযায়ী, বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে।

অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

জাতীয় সংসদের স্পিকারের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করা হবে। বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে এটি আমীর খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট।

সারাবাংলা/এসএ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর