Monday 15 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা, বাড়ছে সূচক-লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৬ ১৯:৫০

ঢাকা স্টক এক্সচেঞ্জ। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট উত্থাপনের পর দ্বিতীয় কার্যদিবসেও দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। বাজেটে পুঁজিবাজার প্রাধান্য না পেলেও ইরান-মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিরতির আশাবাদে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। সে কারণে প্রধান বাজারে টাকার অঙ্কে লেনদেনও বেড়েছে। তবে বাজারে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, দেশীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি বর্তমানে তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। নতুন সরকারও অর্থনীতিকে গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে, যার একটি গুরুত্বপূর্ণ অংশ পুঁজিবাজার। বাজার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে আরও কিছু ইতিবাচক পদক্ষেপ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধ হলে জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে আসবে বলে অনেকে আশা করছেন। ফলে মূল্যস্ফীতি কমে আসবে।

বিজ্ঞাপন

তবে সংশ্লিষ্টরা বিনিয়োগকারীদের সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন। গুজবনির্ভর লেনদেন এড়িয়ে মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিতে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। তাদের মতে, বাজারে স্বাভাবিক ওঠানামা থাকবেই এবং মাঝেমধ্যে দরপতন ঘটলেও তাতে আতঙ্কিত হওয়ার কারণ নেই; বরং এটিই একটি স্বাভাবিক ও সুস্থ বাজারের বৈশিষ্ট্য।

সোমবার (১৫ জুন) বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৪০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৬৪০ দশমিক ৭৫ পয়েন্টে অবস্থান করছে। একই দিনে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৫ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৪ দশমিক ২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এ ছাড়া ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ৩৩ পয়েন্ট যোগ হয়ে ২ হাজার ১২৮ দশমিক ১৪ পয়েন্টে পৌঁছেছে।

এ দিন ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪৫টির শেয়ার ও ইউনিটের দর বৃদ্ধি পেয়েছে, ১৮৪টির দর কমেছে এবং ৬৬টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন মোট ১ হাজার ৪৫৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ১ হাজার ৩৫৮ কোটি ৪৭ লাখ টাকা। ফলে একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ৯৭ কোটি ৬৫ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন সিএসইতে মোট ৪২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ২৪ কোটি ২১ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১১২টির দর বেড়েছে, ১০১টির দর কমেছে এবং ৩২টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিকে, সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৪৭ দশমিক ৯৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৫ হাজার ৩৬০ দশমিক ২২ পয়েন্টে উন্নীত হয়েছে। উল্লেখ্য, আগের কার্যদিবসে সূচকটি ১৬৪ দশমিক ৫১ পয়েন্ট বেড়েছিল।

সারাবাংলা/একে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর