Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এক্সিম ব্যাংকের পর সোশ্যাল ইসলামী ব্যাংক থেকেও প্রশাসক প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৬ ২০:০৭

ঢাকা: এক্সিম ব্যাংকের পর এবার সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি (এসআইবিএল) থেকেও প্রশাসক প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা ব্যবস্থাকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংকের চলমান পুনর্গঠন কার্যক্রমের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সারাবাংলা‌কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি থেকে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ব্যাংকটির প্রশাসক মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবারই তার শেষ কর্মদিবস ছিল। প্রশাসকের দায়িত্ব থেকে অব্যাহতির মাধ্যমে ব্যাংকটির পরিচালনায় নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিজ্ঞাপন

এর আগে একই দিনে এক্সিম ব্যাংক থেকেও প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। ফলে অল্প সময়ের ব্যবধানে দুটি ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহারের ঘটনা ব্যাংক খাতে পুনর্গঠন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

জানা গেছে, দুর্বল ও সংকটে থাকা কয়েকটি ব্যাংকে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সুশাসন নিশ্চিত করা এবং আর্থিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময়ে প্রশাসক নিয়োগ করেছিল। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর আর্থিক ও প্রশাসনিক পরিস্থিতি পর্যবেক্ষণের পর ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত সংশ্লিষ্ট ব্যাংকের পুনর্গঠন কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ ধাপ। তবে দীর্ঘমেয়াদে সুশাসন, আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর