Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‎উপজেলা পর্যায়ে বেকার যুবকদের ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৬ ১৭:৪৪

– ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের বেকার ও কর্মহীন যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন ঋণ প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কর্মসূচিটির আওতায় তরুণদের ব্যবসা ও স্ব-কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে ঋণ দেওয়া হবে। প্রকল্পটির উপজেলা পর্যায়ের বেকারদের জন্য।

মঙ্গলবার (১১ আগস্ট)‎এ উদ্যোগের বিষয়ে দেশের ব্যাংকারদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংক। বৈঠকে নতুন ঋণ কর্মসূচির কাঠামো, তহবিলের আকার, ব্যাংকগুলোর অংশগ্রহণ এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

‎সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ‘উদ্যোগ’ প্রকল্পের তহবিলের আকার ৫০০ থেকে ১০০০ কোটি টাকা নির্ধারণের পরিকল্পনা রয়েছে। আগামী তিন মাসের মধ্যে প্রকল্পটি চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে। দেশের সব ব্যাংককে এ কর্মসূচির আওতায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

‎বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের মূল লক্ষ্য হবে চাকরির বাজারে প্রবেশের অপেক্ষায় থাকা বেকার যুবকদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে না রেখে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসা, সেবা খাত, উৎপাদনমুখী উদ্যোগ ও স্ব-কর্মসংস্থানমূলক কার্যক্রমে অর্থায়নের সুযোগ তৈরি করা হতে পারে।

‎দেশে তরুণ জনগোষ্ঠীর একটি বড় অংশ চাকরির ওপর নির্ভরশীল। কিন্তু পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ না থাকায় অনেক শিক্ষিত ও কর্মক্ষম যুবক দীর্ঘদিন বেকার থাকছেন। নতুন ব্যবসা বা স্ব-কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে মূল বাধাগুলোর একটি হলো অর্থের সংকট।

‎বাংলাদেশ ব্যাংকের নতুন প্রকল্পের মাধ্যমে সেই অর্থের সংকট কিছুটা দূর করার পরিকল্পনা করা হচ্ছে। ব্যাংকগুলোর মাধ্যমে নির্বাচিত তরুণ উদ্যোক্তাদের ঋণ দেওয়া হলে নতুন ব্যবসা প্রতিষ্ঠার পাশাপাশি অতিরিক্ত কর্মসংস্থানও তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‎নতুন প্রকল্পটির অন্যতম বৈশিষ্ট্য হবে দেশের সব ব্যাংকের অংশগ্রহণ। অর্থাৎ একটি বা কয়েকটি নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে নয়, বরং পুরো ব্যাংকিং ব্যবস্থাকে কাজে লাগিয়ে যুব উদ্যোক্তাদের অর্থায়নের পরিকল্পনা করা হচ্ছে।

‎এতে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাংকের শাখা ও অন্যান্য বিতরণ চ্যানেলের মাধ্যমে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের কাছে ঋণ পৌঁছে দেওয়া সহজ হবে। একই সঙ্গে ঋণের আবেদন, যাচাই-বাছাই ও বিতরণে ব্যাংকগুলোর বিদ্যমান কাঠামো ব্যবহার করা যাবে।

‎প্রকল্পটির চূড়ান্ত নীতিমালা এখনো প্রস্তুত না হওয়ায় ঋণের সর্বোচ্চ সীমা, সুদের হার, জামানতের শর্ত, কিস্তির মেয়াদ এবং কারা অগ্রাধিকার পাবেন—এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী সপ্তাহে এ বিষয়ে সার্কুলার জারির কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

‎বাংলাদেশ ব্যাংক ও এবিবির আলোচনার পর এসব বিষয়ে বিস্তারিত কাঠামো নির্ধারণ করা হবে। সম্ভাব্য উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিকল্পনা, দক্ষতা, উদ্যোগের সম্ভাব্যতা এবং ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনায় নেওয়া হতে পারে।

‎তরুণ ও নতুন উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পুনঃঅর্থায়ন সুবিধা রয়েছে। তবে চলতি বছরের ৯ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, বাংলাদেশ ব্যাংকের অধীনে তরুণ উদ্যোক্তাদের জন্য কোনো সুদমুক্ত ঋণ কর্মসূচি তখন চালু ছিল না। সহজ শর্তে ঋণপ্রাপ্তি নিশ্চিত করতে বিভিন্ন পুনঃঅর্থায়ন সুবিধা চালু থাকার কথা জানিয়েছিলেন তিনি।

‎এরই ধারাবাহিকতায় বেকার যুবকদের জন্য আলাদা ও লক্ষ্যভিত্তিক প্রকল্প চালু হলে এটি যুব উদ্যোক্তা অর্থায়নে নতুন মাত্রা যোগ করতে পারে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর