ঢাকা: চলতি বোরো মৌসুমে সারা দেশে ধান সংগ্রহের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর ) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী এ কথা জানান।
মোস্তাফিজুর রহমান বাবুল খাদ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন যে চলতি বোরো মৌসুমে ধান সংগ্রহের নির্ধারিত লক্ষ্যমাত্রা কত ছিল, এখন পর্যন্ত অর্জনের পরিমাণ কত এবং কৃষকদের স্বার্থ বিবেচনায় সময়সীমা বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না।
খাদ্যমন্ত্রী জানান, ২০২৬ মৌসুমে সারা দেশে ৫ লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে সরকারের কার্যকর পদক্ষেপ ও সফল ব্যবস্থাপনার মাধ্যমে গত ২৭ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত সারাদেশে ৫ লাখ ৭৮ হাজার ১৪১ মেট্রিক টন ধান সংগ্রহ করা সম্ভব হয়েছে। নির্ধারিত মূল লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ৭৮ হাজার ১৪১ মেট্রিক টন ধান ইতোমধ্যে সংগ্রহ সম্পন্ন হওয়ায় এই মুহূর্তে ধান সংগ্রহের সময়সীমা নতুন করে আর বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের আপাতত নেই বলে তিনি উল্লেখ করেন।