ঢাকা: ‘আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল (ইস্ট)’ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ে সংশোধিত ট্যারিফ হার নির্ধারণ এবং রেলওয়ের চট্টগ্রাম-দোহাজারী মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজ রেলপথে রূপান্তরে নির্মাণ ও সুপারভিশন কাজের জন্য পরামর্শক নিয়োগসহ ৮টি প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’। এর বাইরে কুষ্টিয়ায় রেলওয়ের একটি ওভারপাস নির্মাণ কাজের ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে ‘আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড’ কর্তৃক স্থাপিত ‘আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল (ইস্ট)’ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ে সংশোধিত ট্যারিফ হার নির্ধারণের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রতি কিলোওয়াট/ঘন্টা বিদ্যুতের ট্যারিফ হার নির্ধারণ করা হয়েছে ৩.৭ মার্কিন সেন্ট (বাংলাদেশি মুদ্রায় ৪.৫৪৩৬ টাকা)।
বৈঠকে ‘চট্টগ্রাম-দোহাজারী মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজ রেলপথে রূপান্তর’ শীর্ষক প্রকল্পের নির্মাণ ও সুপারভিশন কাজের জন্য পরামর্শক নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজটি পেয়েছে যৌথভাবে- ‘এসএমইসি-ওসিজি-এসিই-ডিডিসি’। এতে ব্যয় হবে ১৭৬ কোটি ৩৮ লাখ টাকা।
বৈঠকে রাষ্ট্রীয় চুক্তির আওতায় বিএডিসি’র মাধ্যমে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে ৪০ হাহার মেট্রিক টন ডিএপি সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন ৮৬৬ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ৪২৭ কোটি ৮০ লাখ টাকা।
বৈঠকে ‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে একটি প্যাকেজ কাজ বাস্তবায়নে ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজটি করবে যৌথভাবে- ‘এইচআইসিসি-ইউসিসি’। এতে ব্যয় হবে ২৬৪ কোটি টাকা।
বৈঠকে ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জেরি বিভিন্ন সড়ক-সেতু-কালভার্ট পুনঃনির্মাণ ও পুনর্বাসনে একটি প্যাকেজের পূর্ত কাজ বাস্তবাস্তবায়নে ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজটি করবে ‘মেসার্স কামরুল অ্যান্ড ব্রাদার্স’। এতে ব্যয় হবে ১২৩ কোটি ২১ লাখ টাকা।
বৈঠকে বিভিন্ন সুবিধাসহ ১২শ’ শয্যা বিশিষ্ট ১১ তলা (১-বেসমেন্ট) রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ক্লিনিক্যাল ফ্যাকাল্টি ভবন নির্মাণের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজটি করবে ‘ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেড’। এতে ব্যয় হবে ৪৯৭ কোট ৩৩ লাখ টাকা।
অন্যান্যের মধ্যে বৈঠকে সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের অপারেশন থিয়েটার এবং বিভিন্ন বিভাগের চিকিৎসা সরঞ্জামাদি ক্রয়ে পৃথক দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। দুটি কাজই পেয়েছে ‘মেসার্স রাজু এন্টারপ্রা্ইজ’। দুটি মিলিয়ে মোট ব্যয় হবে প্রায় ৩৩ কোটি ৪৮ লাখ টাকা।
এছাড়া বৈঠকে ‘কুষ্টিয়া (ত্রিমোহনী)-মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ (আর-৭৪৫) আঞ্চলিক মহাসড়কে রেলবাজার রেলওয়ে ওভারপাস (১ম সংশোধিত) একটি প্রকল্পে ৯ কোটি ৫০ লাখ টাকা ব্যয় বৃদ্ধির একটি ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।