Wednesday 24 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিকরা আঘাত পেয়েছে, দুঃখ প্রকাশ করছি: স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৬ ১৯:১৬

স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী

ঢাকা: সাংবাদিকদের দিয়ে দেশের ৬০০ জেলা ও উপজেলা হাসপাতালের বাথরুম, টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করায় সাংবাদিকরা আঘাত পেয়েছে জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদফতরের (হাসপাতাল শাখা) উপ-পরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী।

বুধবার (২৪ জুন) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত আইডিতে এক পোস্টে এ নিয়ে তিনি আরও বিস্তারিত তুলে ধরেন।

পোস্টে ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী বলেন, ‘আজ সকালে হাসপাতালের অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা নিয়ে একটি পোস্ট দিয়েছিলাম। লিখেছিলাম, হাসপাতালের অভ্যন্তরের সকল পরিচ্ছন্নতার দায়িত্ব এক বছরের জন্য তথ্য মন্ত্রণালয়ে এবং সাংবাদিকদের দায়িত্বে ছেড়ে দিয়ে দেখা যেতে পেরে। যদি তারা এক বছরে সফল হয়, তাহলে এই অংশের দায়িত্ব স্থায়ীভাবে দিয়ে দেওয়া যেতে পারে। এই পোস্ট পেয়ে আমার কাছের মানুষ, আমার চেনাজন সাংবাদিক ভাইয়েরা কষ্ট পেয়ে আমাকে ফোন দিয়েছেন যে, কেন আমি এমন একটি পোস্ট দিলাম এবং এটি দিয়ে তাদেরকে অসম্মানিত করলাম কিনা বা আমি আমার অবস্থান থেকে এমনটা লিখতে পারি কিনা। উনাদের কষ্ট জেনে আমি পোস্টটি সরিয়ে নিয়েছি। কিন্তু কেন এটি দিয়েছিলাম, সেটি তো সবাইকে জানতে হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘প্রথমত: দীর্ঘদিন যাবৎ অনলাইন, অফলাইন, সর্বত্র হাসপাতালগুলোর ওয়ার্ড, বারান্দা, বাথরুম, টয়লেট ইত্যাদির পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে এমনভাবে সংবাদ হচ্ছে প্রতিনিয়ত যে, এটা এখন একরকম প্রতিষ্ঠিত হয়ে গেছে হাসপাতালের দায়িত্ব প্রাপ্তরা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে ব্যর্থ। দ্বিতীয়ত: যেহেতু এই ব্যর্থতার বিষয়টি সাংবাদিক ভাইয়েরাই প্রমাণ করেন, সেক্ষেত্রে তাদেরকে দায়িত্বটা দেওয়া হলে কোনো কার্যকর কিছু হতে পারে, এমনটা ভাবাই স্বাভাবিক। কারণ, এই যে দিনের পর দিন এই বিষয়গুলো নিয়ে ডাক্তারদের বিরুদ্ধে সংবাদ হচ্ছে এবং ডাক্তাররা জাতির চোখে শত্রুতে পরিণত হচ্ছে। কিন্তু, এর টোটাল কাহিনিটা সাংবাদিক ভাইয়েরা কেউ তুলে ধরেন না। অথচ, একটি সঠিক খবর প্রকাশের ক্ষেত্রে সংবাদের পুরো দিকটি তুলে ধরার নৈতিক দায় থাকা উচিত।’

স্বাস্থ্য অধিদফতরের এই উপ-পরিচালক বলেন, ‘বেশিরভাগ হাসপাতালগুলোর পুরাতন বিল্ডিংগুলো জরাজীর্ণ। ২৫০ বেডের হাসপাতালে রোগী থাকে ৫০০ থেকে ৬০০, কোথাও আরও বেশী রোগীর এটেন্ডেন্ট থাকে ইচ্ছে মতন। হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষমতার অনেক ঊর্ধ্বে থাকে অপরিচ্ছন্নতার মাত্রা। পরিচ্ছন্নতা কর্মীর সংখ্যাও অপ্রতুল। যারা আছে, তাদেরও অনেকে আউটসোর্সিংয়ে নিয়োগ পান এবং তারা অনেকে পরিচ্ছন্নতার কাজ করেন না। এর চাইতেও বড় বিষয় হলো, স্থাপনাগুলোর অভিভাবক হলো পিডব্লিউডি অথবা এইচইডি। তারা হাসপাতালের স্হাপনাগুলোর তাৎক্ষণিক ছোটখাটো মেরামত বা সংস্কার শত অনুরোধেও করেন না বা করতে চান না, চাইলেও করতে পারেন না।’

তিনি বলেন, ‘রোগী ও তার এটেন্ডেন্টরা তাদের যাবতীয় বর্জ্য নিয়ে ফেলে কমোডে আর ওয়াশ বেসিনে। প্রতিনিয়ত এই বেসিন এবং কমোডের চ্যানেলগুলো বন্ধ হয়ে যায় বর্জ্য দিয়ে। এগুলো প্রতি মুহূর্তে পরিষ্কার করা খুবই কঠিন বিষয়। চ্যানেলের ভিতরের দিকে ব্লক হলে সেটি পরিষ্কার করা খুবই জটিল প্রক্রিয়া। ফলে, আপ্রাণ চেষ্টা করেও হাসপাতালকে কর্মকর্তাগণ পরিচ্ছন্ন রাখতে হিমশিম খাচ্ছে। কিন্তু, মিডিয়ার সামনে কেউ এই পুরো বিষয়টি তুলে ধরছে না। সাংবাদিক ভাইরা শুধু নোংরার চিত্র তুলে ধরে চিকিৎসকদেরকে হেনস্তা করছেন। কিন্তু মূল দায়ী যারা তারা সবসময়ই দায়িত্ব এবং দোষ, দুটোর বাইরেই থেকে যাচ্ছেন। তাই, আমি লিখছিলাম যে, তথ্য বিভাগই হয়ত পারবে এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে। তাদের মনঃকষ্ট লেগেছে, আঘাত পেয়েছেন তারা। আমি সে জন্য দুঃখ প্রকাশ করছি।’

তিনি আরও বলেন, ‘একটি দায়িত্বশীল পদে থেকে আমি কাউকে এভাবে কষ্ট দিতে পারিনা, এটাই ঠিক কথা। আমি দিতে চাইওনি কখনো। কিন্তু কেউ তো আমাদের কথা ভাবছেনা। দিনের পর দিন শুধু দোষারোপ করা কোনো কাজের কথা নয়। সমস্যার তো সমাধানের দিক নিয়েও সবাইকে ভাবতে হবে। দায়িত্বশীল পদের কথা যদি বলেন, সেক্ষেত্রে এটাই স্মরণ করিয়ে দিতে চাই, সাংবাদিকতা যে কোনো কাজের চাইতে অনেক বেশি দায়িত্বশীল কাজ। একটি সংবাদের সঠিকত্বের উপর অনেক কিছু নির্ভর করে। একটি ভুল সংবাদ, একটি সমাজকে ভুল পথে পরিচালিত করতে পারে। আবার একটি সঠিক বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে সমাজে বড় কোন পজিটিভ পরিবর্তনও আসতে পারে। তাই আমার চাওয়া ছিল, সাংবাদিক ভাইয়েরা হাসপাতাল সংক্রান্ত বিষয়ে নিউজগুলোকে একপেশে দোষারোপ করা বন্ধ করে সঠিক কারণগুলো তুলে ধরুক। তাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নড়ে চড়ে বসবে এবং সমস্যার সমাধানও সম্ভব হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর