Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হঠাৎ ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৬ ২০:৩৮

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম মেসেঞ্জারে হঠাৎ করে প্রবেশে সমস্যার মুখে পড়েছেন বাংলাদেশের ব্যবহারকারীরা। বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরাও একই ধরনের সমস্যার মুখে পড়ার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৭টার পর থেকে এই সমস্যার মুখোমুখি হন ব্যবহারকারীরা।

সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ইজডাউন- এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফেসবুকের সেবা নিয়ে ৫ হাজার ৭০০টির বেশি অভিযোগ জমা পড়েছে। শুক্রবার বিকেলে প্রতিষ্ঠানটি জানায়, ফেসবুকের সেবায় জটিল সমস্যা শনাক্ত হয়েছে।

ব্যবহারকারীদের অভিযোগ, অনেক ক্ষেত্রে ফেসবুকের নিউজফিড লোড হচ্ছিল না, মেসেঞ্জারে বার্তা পাঠাতে বিলম্ব হচ্ছিল, অটো লগ আউট এবং অ্যাপে প্রবেশ করতেও সমস্যা দেখা দিচ্ছিল। অনেকের স্ক্রিনে ইংরেজিতে ‘This page is not available right now’ সমৃদ্ধ বার্তা ভেসে উঠছে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র, ফিলিপাইনসহ বিভিন্ন দেশ থেকে সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া গেছে।

বাংলাদেশেও শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারে বিঘ্ন ঘটার অভিজ্ঞতার কথা জানিয়েছেন অনেক ব্যবহারকারী। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপ ও অন্যান্য প্ল্যাটফর্মে তারা এ বিষয়ে অভিযোগ করেন। অনেক ব্যবহারকারী পুনরায় আর লগইন করতে পারছেন না।

তবে ঠিক কী কারণে এ বিভ্রাট ঘটেছে, কত সময় ধরে সমস্যা চলছে কিংবা কবে নাগাদ সেবা পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাও এ বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

অনলাইন প্লাটফর্ম থেকে উপার্জন করেন বিশেষ করে কনটেন্ট ক্রিয়েটররা বেশি অসুবিধায় পড়েছেন বলে জানিয়েছেন অনেকেই।

সারাবাংলা/ইউজে/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর