Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘রাগাসা’

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৫ ১০:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবল শক্তি নিয়ে ফিলিপাইন ও তাইওয়ানের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘রাগাসা’। ঝড়ের আশঙ্কায় উপকূলীয় ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিতে শুরু করেছে প্রশাসন।

সোমবার (২২ সেপ্টেম্বর) ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিপাইনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া এই সুপার টাইফুনটি দ্রুত অগ্রসর হচ্ছে। আগামী মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এটি ফিলিপাইনের কম জনবসতিপূর্ণ বাতানেস ও বাবুয়ান দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে। দেশটিতে টাইফুনটি ‘নান্দো’ নামে পরিচিত।

রোববার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত টাইফুনটির কেন্দ্রীয় অংশে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। দমকা হাওয়ায় এই গতি বেড়ে ২৩০ কিলোমিটার বা তারও বেশি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।

বিজ্ঞাপন

ফিলিপাইনের স্বরাষ্ট্রমন্ত্রী জোনভিক রেমুল্লা জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত পরিবারগুলোকে অবিলম্বে নিরাপদ স্থানে সরিয়ে নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে তাইওয়ান জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় হাউলিয়েন এলাকা থেকে অন্তত ৩০০ জনকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে টাইফুনের গতিপথ অনুযায়ী এই সংখ্যা আরও বাড়তে বা কমতে পারে।

তাইওয়ানের আবহাওয়া কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করেছে, আজ রাতে স্থল টাইফুন সতর্কতা জারি করা হতে পারে এবং মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে টাইফুনটি উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে।

ফিলিপাইনের আবহাওয়া বিশেষজ্ঞ জন গ্রেন্ডার আলমারিও এক সংবাদ সম্মেলনে জানান, সুপার টাইফুনের প্রভাবে লুজন দ্বীপের উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের ঝুঁকি রয়েছে। আজ রাত থেকেই এর প্রভাব শুরু হবে এবং কাল সকাল ৮টার দিকে এটি সবচেয়ে বেশি তীব্রতা নিয়ে আঘাত হানবে বলে সতর্ক করেন তিনি।

টাইফুনের প্রভাবে রাজধানী ম্যানিলাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। সোমবার সেখানে দুর্নীতিবিরোধী এক বিক্ষোভে হাজারো মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর