Thursday 19 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি খামেনির

আন্তর্জাতিক ডেস্ক
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৯ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪১

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: সংগৃহীত

ইরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনার মাঝে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরান আক্রমণ করে, তবে তা একটি আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে।

রোববার (১ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানায়।

মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর শক্তিবৃদ্ধি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত হুমকির জবাবে খামেনি বলেন, মার্কিন রণতরী প্রদর্শনীতে ইরানি জনগণ ভীত বা বিচলিত হবে না। আমরা আগে কোনো দেশ আক্রমণ করব না, কিন্তু কেউ যদি আমাদের ওপর হামলা চালায় বা হয়রানি করে, তবে ইরানি জাতি তাদের দাঁতভাঙা জবাব দেবে।

বর্তমানে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরীসহ মোট ১০টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে।

বিজ্ঞাপন

টানটান উত্তেজনার মধ্যেও দুই পক্ষই আলোচনার টেবিলে ফেরার ইঙ্গিত দিয়েছে। তেহরান জানিয়েছে, তারা নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা অক্ষুণ্ণ রেখে একটি ‘ন্যায়সঙ্গত’ চুক্তিতে পৌঁছাতে ইচ্ছুক। অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্পও ইতিবাচক সংকেত দিয়ে জানিয়েছেন, ইরান ওয়াশিংটনের সঙ্গে ‘গুরুতরভাবে’ কথা বলছে।

ট্রাম্প আশা প্রকাশ করেন, পারমাণবিক অস্ত্রবিহীন একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে।

ইরানে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া সাম্প্রতিক বিক্ষোভ রাজনৈতিক চ্যালেঞ্জে রূপ নিয়েছিল, যা বর্তমানে দমনের মাধ্যমে কিছুটা থিতিয়ে এসেছে। এই বিক্ষোভকে খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত একটি অভ্যুত্থান বা ষড়যন্ত্র হিসেবে দেখছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর