Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শান্তি প্রতিষ্ঠাকারী যুক্তরাষ্ট্র তার আসল চেহারা দেখাল: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার তীব্র সমালোচনা করেছে রাশিয়া। দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ অভিযোগ করেছেন, ইরানের বিরুদ্ধে এই অভিযান আড়াল করতে পরমাণু আলোচনাকে ‘ঢাল’ হিসেবে ব্যবহার করেছে ওয়াশিংটন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, ‘শান্তি প্রতিষ্ঠাকারী আবারও তার আসল চেহারা দেখাল।’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মেদভেদেভ আরও বলেন, ইরানের সঙ্গে আলোচনার প্রক্রিয়াটি ছিল কেবল একটি আড়াল। তার দাবি, ‘কারও কোনো সন্দেহ ছিল না, কারও কোনো বিষয়ে একমত হওয়ার প্রয়োজনও ছিল না।’

বিজ্ঞাপন

এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি আক্রমণ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ ধরনের ‘দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের’ বস্তুনিষ্ঠ মূল্যায়ন করা, যা পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, আন্তর্জাতিক আইন, পারস্পরিক সম্মান এবং স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার প্রচেষ্টায় আগের মতোই সহায়তা করতে প্রস্তুত রয়েছে মস্কো।

এর আগে শনিবার সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে তেহরানসহ ইরানের অন্তত ছয়টি শহরে হামলা চালায়। জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে আঞ্চলিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর