Monday 02 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘাঁটি ব্যবহারে স্পেনের অসম্মতি, বাধা পেয়ে সরে যাচ্ছে মার্কিন যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক
২ মার্চ ২০২৬ ২০:১১

গত সপ্তাহান্তে ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে দক্ষিণ স্পেনের রোটা এবং মোরন সামরিক ঘাঁটি ছেড়ে অন্তত ১৫টি মার্কিন বিমান চলে গেছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’র সোমবারের (২ মার্চ) তথ্যে এসব জানা যায়।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস সাফ জানিয়ে দিয়েছেন, ইরানকে লক্ষ্য করে কোনো হামলায় স্পেন তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না। যদিও এই ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্র ও স্পেন যৌথভাবে পরিচালনা করে, তবে এর সার্বভৌমত্ব স্পেনের হাতে। স্পেন ইতিমধ্যেই ইরান ভূখণ্ডে চালানো এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

বিজ্ঞাপন

‘ফ্লাইটরাডার২৪’ দেখাচ্ছে, স্পেনের ঘাঁটি ছাড়া বিমানগুলোর মধ্যে অন্তত সাতটি জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে অবতরণ করেছে।

শুরুতে ব্রিটেনও ইরানের বিরুদ্ধে হামলায় তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে রোববার (১ মার্চ) ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ‘সম্মিলিত আত্মরক্ষা’র অজুহাতে ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি প্রদান করেন।

স্পেনের সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ ইরান হামলার তীব্র নিন্দা জানানোয় এই অঞ্চলে স্পেন অনেকটা একা হয়ে পড়েছে, যা ওয়াশিংটনের সাথে দেশটির কূটনৈতিক সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন তৈরি করতে পারে।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আলবারেস একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ‘এই অভিযানে স্প্যানিশ ঘাঁটিগুলো ব্যবহার করা হচ্ছে না এবং হবেও না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের চুক্তির বাইরে বা জাতিসংঘের সনদের পরিপন্থী কোনো কাজে এই ঘাঁটি ব্যবহারের সুযোগ নেই।’

স্পেনের প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রোবেলস জানিয়েছেন, এই বিমানগুলোর মধ্যে বেশিরভাগই ছিল জ্বালানি সরবরাহকারী, যার মধ্যে বোয়িং কেসি-১৩৫ ‘স্ট্রাটোট্যাঙ্কার’ উল্লেখযোগ্য। এগুলো স্থায়ীভাবে স্পেনে মোতায়েন ছিল।

ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, রোববার দক্ষিণ স্পেনের মোরন বিমান ঘাঁটি থেকে ৯টি ট্যাঙ্কার বিমান জার্মানির উদ্দেশ্যে রওনা দেয়। রোটা নৌঘাঁটি থেকে ২টি বিমান দক্ষিণ ফ্রান্সের দিকে যায়। আরও ৪টি বিমান রোটা থেকে যাত্রা করলেও সেগুলোর গন্তব্য ম্যাপে দেখা যায়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর