মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যে এবার বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের অবস্থান করা একটি হোটেলে সফল ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান।
মঙ্গলবার (১০ মার্চ) তেহরান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনের ওই নির্দিষ্ট হোটেলে মার্কিন সেনারা অবস্থান করছিলেন এবং লক্ষ্যবস্তু নিশ্চিত করেই এই হামলা চালানো হয়েছে। তবে এ হামলায় ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
গত ১১ দিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে যে পালটাপালটি হামলা ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে, এই ঘটনাটি তারই ধারাবাহিকতায় ঘটল বলে মনে করা হচ্ছে। বিশেষ করে বাহরাইনে মার্কিন উপস্থিতি লক্ষ্য করে এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন।