Monday 18 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্প কেন ছেলেমেয়েদের বলি দিচ্ছেন আমেরিকানদের জানার অধিকার আছে: ইরানি স্পিকার

আর্ন্তজাতিক ডেস্ক
১৩ মার্চ ২০২৬ ১১:৩০ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৬:০৩

স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: সংগৃহীত।

ইরানের স্পিকার বলেছেন, ট্রাম্প কেন তাদের ছেলেমেয়েদের বলি দিচ্ছেন সেটা জানার অধিকার আমেরিকানদের আছে।

শুক্রবার (১৩ মার্চ) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এ কথা লিখেছেন।

ইংরেজি ভাষায় লেখা পোস্টে স্পিকার আরও বলেন, আমেরিকান পরিবারগুলোর জানা উচিত কেন ট্রাম্প নেতানিয়াহুর ‘সম্প্রসারণবাদী বিভ্রান্তি’ বাড়ানোর জন্য তাদের ছেলেমেয়েদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন।

তিনি তার পোস্টে প্রয়াত দোষী সাব্যস্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে উল্লেখ করে একটি হ্যাশট্যাগও সংযুক্ত করেছেন। এপস্টেইন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন সহযোগী এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গেও তার সম্পর্ক ছিল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ মার্চ) পেন্টাগন জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধে প্রায় ১৪০ জন মার্কিন সেনা আহত হয়েছেন।

পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক ইমেল বিবৃতিতে বলেন, ‘১০৮ জন সেনা সদস্য এরই মধ্যে কাজে ফিরেছেন তারা বেশিরভাগই সামান্য আহত ছিলেন। তবে আরও আটজন সেনা বর্তমানে ‘গুরুতর আহত’ অবস্থায় চিকিৎসাধীন আছেন।

চলতি সপ্তাহে কংগ্রেসের এক ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ইরানে আগ্রাসনের ব্যয়ের একটি হিসাব দিয়েছেন। তাদের ধারণা অনুযায়ী, ইরানের সঙ্গে যুদ্ধের প্রথম ছয় দিনেই যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে অন্তত ১ হাজার ১৩০ কোটি (১১ দশমিক ৩ বিলিয়ন) ডলার।

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি আগ্রাসন শুরু করে। দুই দেশের বিমান হামলায় এ পর্যন্ত অন্তত দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে, যার বেশির ভাগই ইরানি ও লেবানিজ। সংঘাত লেবাননেও ছড়িয়ে পড়েছে। বিশ্ব জ্বালানিবাজার ও পরিবহনব্যবস্থায় চরম অস্থিরতা দেখা দিয়েছে।

মার্কিন কর্মকর্তারা আইনপ্রণেতাদের জানিয়েছেন, হামলার প্রথম দুই দিনেই প্রায় ৫৬০ কোটি (৫ দশমিক ৬ বিলিয়ন) ডলারের গোলাবারুদ ও সমরাস্ত্র ব্যবহার করা হয়েছে।