Sunday 17 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৬ ২২:২৩ | আপডেট: ২০ মার্চ ২০২৬ ২৩:৫৪

চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ। ছবি: সংগৃহীত

চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র জায়ান্ট এলবিট সিস্টেমসের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দ্য আর্থকোয়েক ফ্যাকশন নামের একটি গোপন গোষ্ঠী (আন্ডারগ্রাউন্ড গ্রুপ) অগ্নিসংযোগের দায় স্বীকার করেছে বলে জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, চেক কর্তৃপক্ষ এ ঘটনার তদন্ত শুরু করেছে। দেশটির পুলিশ জানিয়েছে, এটি ‘সম্ভাব্য সন্ত্রাসী সংশ্লিষ্টতা’ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

একটি চেক কোম্পানি ও এলবিট সিস্টেমসের যৌথ উদ্যোগে পরিচালিত ওই স্থাপনায় শুক্রবার (২০ মার্চ) ভোরে আগুন দেওয়া হয়। এতে স্থাপনাটির বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এলবিট সিস্টেমস ইসরায়েলের সামরিক বাহিনীর স্থল ও আকাশপথে ব্যবহৃত অস্ত্রের অন্যতম প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান। তাদের তৈরি সামরিক সরঞ্জাম বিভিন্ন সংঘাতে ব্যবহৃত হচ্ছে বলে জানা গেছে।

এদিকে ‘দ্য আর্থকোয়েক ফ্যাকশন’ নামের ওই সংগঠন টেলিগ্রামে এক বার্তায় দাবি করেছে, ‘এই স্থাপনাটি ইউরোপে ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র উৎপাদনকারীর কার্যক্রমের কেন্দ্রবিন্দু। এখন এটি আগুনে পুড়ছে।’

সংগঠনটি আরও বলেছে, ‘সহযোগী আন্তর্জাতিক সরকারগুলোর কাছে আবেদন করার সময় নেই… তাদের হত্যাযজ্ঞ চালানোর সক্ষমতা বন্ধ করতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’