হোয়াইট হাউসে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লেবাননের যুদ্ধবিরতি তিন সপ্তাহের জন্য বাড়ানো হবে। বৈঠকটি ‘খুব ভালো হয়েছে’ বলেও জানিয়েছেন তিনি ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আল জাজিরার খবরেেএ তথ্য প্রকাশ করা হয়।
ট্রাম্প বলেন, ‘আমি অদূর ভবিষ্যতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে আতিথেয়তা দেওয়ার জন্য অপেক্ষায় আছি। এই অত্যন্ত ঐতিহাসিক বৈঠকে অংশগ্রহণ করা আমার জন্য বড় সম্মানের বিষয় ছিল!’
এদিকে, মার্কিন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, যুদ্ধবিরতির পরিস্থিতি ‘শতভাগ কার্যকর নয়।’ ট্রাম্পের ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দেওয়ার দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে এ কথা বললেন ড্যানন।
ড্যানন বলেন, ‘যুদ্ধবিরতির আগে যা ঘটেছিল তার সঙ্গে তুলনা করলে, এটি উল্লেখযোগ্যভাবে ভালো পরিস্থিতি।’
ড্যানন আরও বলেন যে, হিজবুল্লাহ যদি রকেট পাঠায় তাহলে ইসরায়েলি বাহিনীকে ‘পালটা জবাব দিতে হবে’।
তিনি বলেন, ‘যখনই আমরা কোনো হুমকি দেখি, আমরা ব্যবস্থা নিই।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি মূল প্রশ্ন হলো লেবানন সরকার যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি কার্যকর করতে অথবা প্রকৃতপক্ষে দক্ষিণ লেবাননের ওপর সার্বভৌমত্ব প্রয়োগ করতে সক্ষম কি না।’
এই মাসের শুরুতে সম্মত হওয়া ১০ দিনের প্রাথমিক যুদ্ধবিরতি সত্ত্বেও, মার্চের শুরু থেকে দক্ষিণ লেবাননে অনুপ্রবেশকারী ইসরায়েলি বাহিনী সেখানেই অবস্থান করছে। শীর্ষ ইসরায়েলি কর্মকর্তারা বারবার দাবি করছেন যে, ইসরায়েল তার উত্তরের প্রতিবেশী দেশটিকে লিতানি নদী পর্যন্ত-লেবাননের ভূখণ্ডের গভীরে-দখল করার পরিকল্পনা করছে।