Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়েট অ্যান্ড সি, আমরাই জিতব: মমতা

আর্ন্তজাতিক ডেস্ক
৪ মে ২০২৬ ১৪:১৭ | আপডেট: ৪ মে ২০২৬ ১৬:০০

মমতা বন্দোপাধ্যায়।

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের প্রার্থীদের উদ্দেশে বলেছেন, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্য অস্তের পর আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ।

তিনি বলেন, আমরা সবাই আপনাদের সাথে আছি। আপনারা কেউ ভয় পাবেন না। নিশ্চিন্তে থাকুন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।

সোমবার (৪ মে) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে এক ‘জরুরি বার্তায়’ এসব কথা বলেন তিনি।

‘জরুরি বার্তায়’ মমতা তার দলের প্রার্থীদের, এজেন্টদের ভোট গণনাকেন্দ্র ছেড়ে না যেতে অনুরোধ করেন। এছাড়া বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করে বলেন, তৃণমূল যে আসনগুলোতে এগিয়ে আছে, সেগুলো বলা হচ্ছে না। পুরোপুরি মিথ্যা খবর খাওয়ানো হচ্ছে।

আজ সকাল থেকে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। চার ঘণ্টার গণনার পর দেখা যাচ্ছে, বিজেপি এগিয়ে আছে ১৮৩টি আসনে। অপরদিকে মমতা ব্যানার্জির ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ১০২টি আসনে এগিয়ে আছে।

এ ছাড়া বিজিপিএম, সিপিআই (এম) এবং এআইএসএফ একটি করে আসনে এগিয়ে আছে। কিন্তু কেন্দ্রের প্রধান বিরোধী দল ভারতীয় কংগ্রেস কোনো আসনে এগিয়ে থাকতে পারেনি।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। ২৪ পরগনার একটি আসনের ভোট বাতিল করায় আজ ভোট গণনা হচ্ছে ২৯৩টি আসনের।

২৩ এবং ২৯ এপ্রিল ভোট হয়েছে রাজ্যে যথাক্রমে ১৫২ এবং ১৪২ আসনে। কড়া নিরাপত্তা, কমিশনের হাজার নিয়মের মাঝেও, পুনর্নির্বাচন হবে রাজ্যের এক বিধানসভা কেন্দ্রে। মে মাসে। সেই হিসেবে আজ গণনা হবে ২৯৩ কেন্দ্রের।