ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। ভোট গণনার ফলাফলে এগিয়ে আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং বিজেপি ১৫২টি আসনে এগিয়ে আছে।
সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় দুই দফার ভোটগ্রহণের পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় ভোট গণনা। গণনার শুরুতেই পোস্টাল ব্যালট গোনা হচ্ছে, তারপরে হবে ইভিএম’র ভোট গণনা।
ভোটগণনার শুরুতেই প্রাথমিক ফলাফলে রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। মমতা অবশ্য ইতোমধ্যেই ২ শতাধিক আসন পেয়ে ফের সরকার গঠনের আশাবাদের কথা জানিয়েছেন। মূলত রাজ্যটির ২৯৪ আসনের মধ্যে ২৯৩ আসনের ফলাফল ঘোষিত হবে আজ। অন্যদিকে ফলতা আসনে নতুন করে ভোটগ্রহণের তারিখ ২১ মে নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, ভোটগণণা শুরুর প্রথম সোয়া ঘণ্টায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে মমতার তৃণমূল ১০৬টি আসনে এগিয়ে আছে। আর বিজেপি ১৫২টি আসনে এগিয়ে আছে।

অন্যদিকে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারের তথ্য অনুযায়ী, ভোটগণণা শুরুর প্রথম সোয়া ঘণ্টায় তৃণমূল কংগ্রেস ১০৩টিতে এবং বিজেপি ১০৫টিতে এগিয়ে আছে।
এদিকে রাজ্যের মোট ৭৭টি গণনাকেন্দ্রের ৪৫৮টি হলে সোমবার ভোটগণনা করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি রাউন্ডের গণনা হবে চুঁচুড়ায়। সেখানে ২৭ রাউন্ড ইভিএম গণনা হবে। সবচেয়ে কম রাউন্ড গণনা রয়েছে মেটিয়াবুরুজ, সপ্তগ্রাম এবং বীজপুরে। এই তিন আসনেই ১০ রাউন্ড করে গণনা হবে। সোমবারের গণনাপর্বের জন্য মোট ২৯৩ জন গণনা পর্যবেক্ষক থাকছেন। এ ছাড়া ১৬৫ জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং ৭৭ জন পুলিশ পর্যবেক্ষকও থাকছেন।
পশ্চিমবঙ্গে এবারে মোট দুইটি দফায় ভোটগ্রহণ হয়েছে। প্রথম দফায় নির্বাচন হয়েছে গত ২৩ এপ্রিল, দ্বিতীয় দফায় নির্বাচন হয় গত ২৯ এপ্রিল। প্রথম (৯৩.১৯ শতাংশ) ও দ্বিতীয় দফা (৯২.৬৭ শতাংশ) মিলিয়ে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।