Friday 08 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুদ্ধবিরতির মধ্যে যুক্তরাষ্ট্র- ইরান পালটাপালটি হামলা

আর্জাতিক ডেস্ক
৮ মে ২০২৬ ১১:৩১

ছবি: রয়টার্স।

চলমান যুদ্ধবিরতির মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরান দুই দেশ একে অপরের লক্ষ্যবস্তুতে পালটাপালটি হামলা চালিয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (৭ মে) এ হামলা চালানো হয়।

ইরানের সামরিক বাহিনীর দাবি, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে প্রবেশ করা দুটি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে ও ইরানের ভূখণ্ডে হামলা চালিয়েছে। বিপরীতে মার্কিন বাহিনী বলেছে, ইরানের আক্রমণের পালটা জবাব দিতেই গুলি চালিয়েছে তারা।

তবে ইরান বলেছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, তারা পরিস্থিতির আর অবনতি চায় না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনাকে তেমন গুরুত্ব দিতে নারাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ পাল্টাপাল্টি হামলাকে ‘লাভ ট্যাপ’ (সামান্য আঘাত) বলে আখ্যায়িত করেছেন। তাঁর দাবি, যুদ্ধবিরতি এখনো কার্যকর।

বিজ্ঞাপন

ইরানের প্রেস টিভি জানিয়েছে, কয়েক ঘণ্টা ধরে পালটাপালটি গোলাগুলির পর হরমুজ প্রণালির ইরানি দ্বীপ ও উপকূলীয় শহরগুলোয় পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

ইরানের সামরিক কমান্ড অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র একটি তেলবাহী ট্যাংকার ও অন্য একটি জাহাজকে লক্ষ্যবস্তু করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

সামরিক কমান্ড আরও বলেছে, হরমুজ প্রণালির কেশম দ্বীপ (ইরানের সবচেয়ে বড় দ্বীপ) এবং মূল ভূখণ্ডের বন্দর খামির ও সিরিক এলাকায় বেসামরিক লোকজনের ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। জবাবে ইরান হরমুজ প্রণালির পূর্ব ও চাবাহার বন্দরের দক্ষিণে থাকা মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালায়।

ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতরের একজন মুখপাত্র দাবি করেন, তাদের হামলায় মার্কিন বাহিনীর ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তাদের কোনো সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি।

সেন্টকম বলেছে, ইরান তিনটি মার্কিন ডেস্ট্রয়ার (যুদ্ধজাহাজ) লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযান দিয়ে হামলা চালিয়েছিল।

গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে দুই পক্ষ মাঝেমধ্যেই ছোটখাটো গোলাগুলিতে লিপ্ত হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচল স্বাভাবিক করার মার্কিন চেষ্টা ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযানে তেহরান বাধা দেওয়ার চেষ্টা করলে ওই সংঘাতের সূত্রপাত।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর