Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ওয়াশিংটনে রাসায়নিক অস্ত্রের হামলা চালাতে পারে ইরান: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬ ০৯:২৬ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬ ০৯:২৯

ওয়াশিংটন, ডিসি-র একটি আকাশ থেকে নেওয়া দৃশ্য। গেটি ইমেজেস।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে কথিত ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্রের বিস্ফোরণ ঘটিয়ে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিশানা করার পরিকল্পনা করছে ইরান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সিএনএনের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, সাতজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন নতুন মার্কিন গোয়েন্দা তথ্যে এমন ইঙ্গিত পাওয়া গেছে।

সর্বশেষ এই গোয়েন্দা তথ্য সম্পর্কে জানে এমন কয়েকটি সূত্র ইরানের এই পরিকল্পনাকে আসন্ন কোনো হামলার ইঙ্গিত হিসেবে না দেখে, বরং নিজেদের হাতে বিকল্প খোলা রাখার একটি চেষ্টা হিসেবে বর্ণনা করেছে।

যদিও ইরান আদৌ এমন কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবে কি না বা করার চেষ্টা করবে কি না, তা নিয়ে কর্মকর্তাদের মধ্যে এখনো বিতর্ক চলছে।

বিজ্ঞাপন

তবে দুটি সূত্র দাবি করেছে, যুক্তরাষ্ট্রের হাতে আসা এসব ষড়যন্ত্রের তথ্য অত্যন্ত সুনির্দিষ্ট, যাতে হামলার স্থান ও নিশানার উল্লেখ রয়েছে। আর এ কারণেই যুক্তরাষ্ট্রের ভেতরে জরুরি সতর্কতামূলক প্রস্তুতির তোড়জোড় শুরু হয়েছে।

এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস বলেছেন, যুক্তরাষ্ট্র সম্ভাব্য যেকোনো এবং সব ধরনের হুমকির ওপর নজর রাখছে, তবে এই মুহূর্তে দেশের অভ্যন্তরে বিশ্বাসযোগ্য কোনো হুমকি নেই।

তবে মার্কিন কর্মকর্তারা এই গোয়েন্দা তথ্যকে ইরানের পক্ষ থেকে সংঘাত আরও বৃদ্ধির উদ্বেগজনক প্রবণতার সংকেত হিসেবে দেখছেন। কারণ, দেশটি বর্তমানে চলমান মার্কিন সামরিক হামলা এবং কঠোর অর্থনৈতিক অবরোধে প্রচণ্ড চাপে রয়েছে। ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের ভাষ্যমতে, এই অবরোধ দেশটিকে ‘ধ্বংস’ করে দিচ্ছে।

ওই সব সূত্রের মতে, তেহরান হামলা চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, এখনো এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে তারা এখন মার্কিন ভূখণ্ডে সম্ভাব্য হামলার বিষয়ে সক্রিয়ভাবে পরিকল্পনা করছে।

একটি সূত্র বলেছে, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তাদের আদৌ পর্যাপ্ত লোকবল সেখানে মোতায়েন আছে কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে।

দুটি সূত্র জানিয়েছে, ইরানের এই হুমকি কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে কর্মকর্তারা গত এক সপ্তাহে বেশ কয়েকটি বৈঠক করেছেন। ওই পরিকল্পনাকে ‘বিচক্ষণ’ বলে অভিহিত করেছে একটি সূত্র। ইরানের পক্ষ থেকে আসা হুমকির কারণে গত সপ্তাহে মার্কিন গোয়েন্দা সংস্থা বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্টকে সামরিক আবাসনে সরিয়ে নেয়। এরপরই এই তৎপরতা সামনে এল।

মঙ্গলবার সিএনএনের এই প্রতিবেদনের বিষয়ে জানতে চাওয়া হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি ওয়াশিংটনে হামলা চালায় তবে তাদের ‘এমন মূল্য দিতে হবে, যা আগে কোনো দেশকে কখনো দিতে হয়নি।’

ট্রাম্প আরও বলেন, প্রশাসন বিষয়টি ‘গুরুত্বের সঙ্গে’ নিচ্ছে।

বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের ষড়যন্ত্র প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদ থেকেই চলে আসছে। ওই ষড়যন্ত্র মূলত মার্কিন কর্মকর্তারা বিদেশ সফরে থাকাকালে তাদের হত্যার সুযোগ খোঁজার মধ্যেই সীমিত ছিল। অভিযোগ রয়েছে, ২০২৪ সালে ট্রাম্পকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার পরিকল্পনাও ছিল।

কর্মকর্তারা সতর্ক করেছেন, অপ্রচলিত অস্ত্রের হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ডার্টি বোমা হচ্ছে এমন বোমা, যাতে সাধারণ বোমার ভেতরে তেজস্ক্রিয় পদার্থ ভরে তৈরি করা হয়। এ ধরনের বোমা তৈরি করা তুলনামূলকভাবে সহজ।

এ জন্য ইরানকে যেসব প্রশিক্ষিত এজেন্টদের গোপনে যুক্তরাষ্ট্রের ভেতরে ঢোকাতে হবে এমন কোনো কথা নেই। বরং তাদের কেবল যুক্তরাষ্ট্রে আগে থেকেই বসবাসরত কাউকে এই হামলা চালানোর জন্য রাজি করালেই চলবে।

ট্রাম্প প্রশাসনের একটি সূত্রের মতে, মার্কিন গোয়েন্দারা ইরানের এমন কিছু গোপন বার্তা বা কথোপকথন ধরেছে, যেখানে দাবি করা হচ্ছে, তারা যুক্তরাষ্ট্রের ভেতরেই বোমা তৈরির সরঞ্জাম লুকিয়ে রেখেছে। এই গোয়েন্দা তথ্য কতটা বিশ্বাসযোগ্য, তা নিয়ে কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘে ইরানি মিশনের এক মুখপাত্র বিবৃতিতে বলেছেন, ইরান ‘যেকোনো পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে সম্পূর্ণ অবৈধ মনে করে। এ বিষয়ে ছড়ানো মিথ্যা ও বানোয়াট সব অভিযোগ পুরোপুরি ও দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছে।’ তবে সম্ভাব্য ডার্টি বোমা পরিকল্পনার গোয়েন্দা তথ্যের বিষয়ে ওই মুখপাত্র সরাসরি কিছু বলেননি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যোগ করেন, যারা এই যুদ্ধ শুরু করেছে, তারা আরও আগ্রাসন ও নৃশংসতা চালাতে বৈধতার একটি আবরণ তৈরির চেষ্টা করছে।

বিজ্ঞাপন

কুয়েত ও বাহরাইনে ড্রোন হামলা
১৮ নভেম্বর ২০২৬ ০৮:৫৩

আরো

সম্পর্কিত খবর