Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুয়েত ও বাহরাইনে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬ ০৮:৫৩ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬ ০৮:৫৬

ওমানের উপকূলে হরমুজ প্রণালিতে একটি ট্যাঙ্কারে আগুন জ্বলছে। রয়টার্স।

উপসাগরীয় দেশ কুয়েত ড্রোন হামলার শিকার হয়েছে। অন্যদিকে, ইরান জানিয়েছে, তারা বাহরাইনে ড্রোন হামলা চালিয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পালটাপালটি হামলার ঘটনা ঘটেছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) ‘এক্স’-এ দেওয়া এক বিবৃতিতে কুয়েতের সামরিক বাহিনী ড্রোন হামলার তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বিস্ফোরণের কোনো শব্দ শোনা গেলে বুঝতে হবে যে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের হামলা প্রতিহত করছে।’ একই সঙ্গে তারা জনসাধারণকে নিরাপত্তা নির্দেশাবলী মেনে চলার আহ্বান জানিয়েছে। তবে ড্রোনগুলো কোথা থেকে এসেছে কিংবা এতে কোনো হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে তারা কিছু জানায়নি।

বিজ্ঞাপন

এদিকে, ইরান বাহরাইনে অবস্থিত মার্কিন রাডার ব্যবস্থায় ড্রোন হামলার কথা জানানোর কয়েক ঘণ্টা পর, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কেশমে বেশ কয়েকটি হামলা চালিয়েছে।

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের ডেপুটি গভর্নর আহমাদ নাফিসি মঙ্গলবার সরকারি বার্তা সংস্থা ইরনা-কে জানিয়েছেন, ‘কেশম দ্বীপে মার্কিন হামলায় কোনো আবাসিক, বাণিজ্যিক বা অবকাঠামোগত এলাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ত্রাণ সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। ইরনার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপটিতে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের পূর্ববর্তী হামলার জবাবেই কেশমে অবস্থিত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে এই হামলা চালানো হয়েছে।

ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বাহরাইনের একটি বিমান ঘাঁটিতে মার্কিন রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে পাঠানো ইরানি ড্রোনগুলোকে ‘মার্কিন সরঞ্জাম বা কর্মীদের কোনো ক্ষতি না করেই প্রতিহত করা হয়েছে।’

বাহরাইনে হামলা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর জানিয়েছে, ‘মার্কিন সামরিক ড্রোন কর্তৃক বারবার ইরানের আকাশসীমা লঙ্ঘনের’ জবাবে তারা বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন রাডার ব্যবস্থায় ড্রোন ব্যবহার করে একটি ‘সুনির্দিষ্ট অভিযান’চালিয়েছে।

এএফপি বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, বাহরাইনের যেখানে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর মোতায়েন রয়েছে সেখানে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা প্রতিহত করেছে। এছাড়া রাজধানী মানামার ওপর দিয়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বেশ কয়েক সপ্তাহের বিরতির পর, পাঁচ দিনের ব্যবধানে বাহরাইনে এটি ছিল ইরানের তৃতীয় ড্রোন হামলা। এএফপি-র প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের শুরুর দিক থেকে কোনো উপসাগরীয় দেশে ইরানের চালানো এটিই প্রথম হামলা। রয়টার্স জানিয়েছে, ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগে বাহরাইনের একটি আদালত ৬৪ জনকে-যাদের অধিকাংশই শিয়া ধর্মীয় নেতা তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পরপরই এই হামলার ঘটনাটি ঘটেছে।

শান্তি চুক্তি অধরা থেকে যাওয়ায় উপসাগরীয় এ অঞ্চলে উত্তেজনা আরও বাড়ছে।

বিজ্ঞাপন

কুয়েত ও বাহরাইনে ড্রোন হামলা
১৮ নভেম্বর ২০২৬ ০৮:৫৩

আরো

সম্পর্কিত খবর