Monday 11 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

লাশ পোড়ানো মামলা: ১৭৩ পৃষ্ঠার অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৫ ১৫:১৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনে আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৭৩ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বুধবার (২ জুলাই) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এ তথ্য তুলে ধরেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।

আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে অন্যান্য তথ্যসূত্র হিসেবে ৩১৩ পৃষ্ঠা, সাক্ষী ৬২, দালিলিক প্রমাণাদি ১৬৮ পৃষ্ঠা ও দুটি পেনড্রাইভ যুক্ত করা হয়েছে। পরে এ মামলায় ১৬ জনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১৩ জুলাই ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

এ মামলায় গ্রেফতার রয়েছেন আটজন। বাকি আটজনকে আগামী ১৩ জুলাইয়ের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে। সাত আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।

তারা হলেন- ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান ও কনস্টেবল মুকুল।

গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ছয় তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নৃশংস এ ঘটনার সময় একজন জীবিত ছিলেন। কিন্তু তাকেও বাঁচতে দেননি তারা। পেট্রোল ঢেলে জীবন্ত মানুষকেই পুড়িয়ে মারা হয়। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।

সারাবাংলা/আরএম/এমপি