Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত আবেদ আলী দুর্নীতির মামলায় ৩ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৬ ১২:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিসিএস প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী ওরফে জীবনকে দুর্নীতির মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা মামলায় আবেদ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আল-আমিন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

দুদকের আবেদনে বলা হয়, অবসরপ্রাপ্ত গাড়িচালক আবেদ আলীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অনুসন্ধানে তার ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া যায়, যেখানে একাধিক সরকারি কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততার ইঙ্গিত রয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, আবেদ আলী সংঘবদ্ধ প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত ছিলেন এবং বিভিন্ন সরকারি কর্মকর্তার সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তদন্তে পাওয়া নথি ও তথ্য পর্যালোচনায় তার কাছ থেকে মামলার গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে দুদক।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রয়োজন উল্লেখ করে রিমান্ড আবেদন করা হয়।

উল্লেখ্য, জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে গত বছরের ৫ জানুয়ারি আবেদ আলীর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। পরে একই বছরের ২৮ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর