Sunday 19 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে ৫ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১৫:৫৩ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৬:৪০

ঢাকা: লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও দুই মাস বাড়িয়েছে ট্রাইব্যুনাল। নতুন করে আগামী ২১ জুন প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিত ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি মামলার অগ্রগতি তুলে ধরে তদন্ত সম্পন্ন করতে আরও সময়ের আবেদন জানান। শুনানি শেষে আদালত সময় বাড়ানোর আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন।

বিজ্ঞাপন

মামলায় বর্তমানে তিনজন আসামি গ্রেফতার অবস্থায় রয়েছেন। তাদের মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলমকে এদিন কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অসুস্থতার কারণে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারীকে আদালতে আনা হয়নি।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট লক্ষ্মীপুরে ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে চার শিক্ষার্থীসহ পাঁচজন নিহত হন।

নিহতরা হলেন- আল আসাদ আফনান, সাব্বির হোসেন রাসেল, কাউসার হোসেন, ওসমান গণি ও মো. সুজন। এর মধ্যে আফনান শহরের মাদাম ব্রিজ এলাকায় এবং অন্যরা তমিজ মার্কেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর