ঢাকা: জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নরসিংদীতে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামিন আবেদন করেছেন সাবেক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
বুধবার (২২ এপ্রিল) প্রসিকিউশন সূত্রে এ তথ্য জানা গেছে। একই দিনে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে জামিন আবেদনটির ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। তবে এ বিষয়ে সময়ের আবেদন জানাতে পারে প্রসিকিউশন।
এদিন মামলার আসামি সাইফুল ইসলামসহ তিনজনকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্য দুই আসামি হলেন রবিউল ইসলাম এবং রাঙামাটির তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর পুলিশকে সরাসরি গুলি চালানোর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। এ ঘটনায় জড়িত আরও কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে চিহ্নিত করা হয়েছে। পরবর্তীতে ২০২৫ সালের ১৪ এপ্রিল নরসিংদীর হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখায় ট্রাইব্যুনাল-১।
বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য প্রসিকিউশন আরও সময় চাইবে বলে জানা গেছে।
অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই নরসিংদীতে পুলিশের গুলিতে দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ভূঁইয়া নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ ছাত্র-জনতা তার লাশ নিয়ে মিছিল বের করলে আবারও গুলি চালানো হয়, এতে আরও একজন নিহত হন। গণঅভ্যুত্থান চলাকালে নরসিংদীতে প্রায় ২০ জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।