Wednesday 29 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইকোর্টে এমপি মুফতি আমির হামজার আগাম জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৬ ১৩:০৪ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৫:৪৮

জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা

ঢাকা: মানহানির একটি মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষের হয়ে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সাদ্দাম হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আশিকুজ্জামান নজরুল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

শুনানি শেষে আইনজীবী শিশির মনির জানান, আদালত আমির হামজাকে আট সপ্তাহের জন্য অথবা মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত আগাম জামিন দিয়েছেন। এ সময়ের মধ্যে তিনি সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করবেন।

বিজ্ঞাপন

এর আগে, একই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন আমির হামজা। গত ২১ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

মামলার সূত্রে জানা যায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে এ মামলা করা হয়। এর আগে আদালত তাকে হাজিরার জন্য সমন জারি করলেও নির্ধারিত তারিখে উপস্থিত না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়।

২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলাটি করেন। অভিযোগে বলা হয়, আমির হামজা ইকবাল হাসান মাহমুদকে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।

প্রসঙ্গত, গত ২৬ মার্চ মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ইকবাল হাসান মাহমুদের এক বক্তব্যকে কেন্দ্র করে পরবর্তীতে কুষ্টিয়ার একটি মসজিদে জুমার নামাজের আগে আলোচনায় তাকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন আমির হামজা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর