কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় র্যাব-১৫-এর বিশেষ অভিযানে হত্যা, অপহরণ ও গুরুতর জখমসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক রোহিঙ্গা আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে র্যাব-১৫-এর সিপিসি-২-এর একটি আভিযানিক দল কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-০১ ইস্টের ব্লক-ডি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া আসামির নাম মো. হোসেন (৪৫)। তিনি উখিয়ার কুতুপালং লম্বাশিয়া এলাকার রোহিঙ্গা ক্যাম্প-০১ ইস্টের বাসিন্দা। তার পিতার নাম বদর মিয়া।
র্যাব জানায়, গ্রেফতারকৃত মো. হোসেনের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় হত্যা ও অপহরণসহ গুরুতর অপরাধের একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। র্যাবের এই সফল অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প-কেন্দ্রিক অপরাধ দমনে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, ‘গ্রেফতার হওয়া আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’
তিনি জানান, ‘মাদকের পাশাপাশি সন্ত্রাস ও সহিংস অপরাধ নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা ও রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।’