Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও ২ হত্যা মামলায় জামিন চাইলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ১২:২৭

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।

ঢাকা: জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া আরও দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।

মঙ্গলবার (১২ মে) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনগুলোর শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে, যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দুদকের দায়ের করা মামলাসহ মোট পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি। পরে সেই জামিন বহাল রাখেন আপিল বিভাগও।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

বিজ্ঞাপন

তার বিরুদ্ধে পরবর্তীতে আরও কয়েকটি মামলা দায়ের করা হয়। তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে শাহবাগ থানায় মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। একই অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা ও বন্দর থানায় পৃথক আরও দুটি মামলা হয়। এছাড়া প্লট জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনও একটি মামলা করে।

নিম্ন আদালতে জামিন না পেয়ে এসব মামলায় হাইকোর্টে আবেদন করেন খায়রুল হক। পরে হাইকোর্ট চার মামলায় জামিন মঞ্জুর করেন এবং দুদকের মামলাতেও পৃথকভাবে জামিন পান তিনি।

রাষ্ট্রপক্ষ ওই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করলেও, গত ২৮ এপ্রিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ তা খারিজ করে দেন।

তবে এর মধ্যেই যাত্রাবাড়ী ও মিরপুর থানার আরও দুটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে এবার হাইকোর্টে আবেদন করেছেন সাবেক এই প্রধান বিচারপতি।

উল্লেখ্য, ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান খায়রুল হক। পরের বছরের ১৭ মে অবসরে যাওয়ার পর তিনি তিন দফায় আইন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

সারাবাংলা/টিএম/ইআ