টাঙ্গাইল: জেলার নাগরপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় চারজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৫ মে) রাতে উপজেলার সহবতপুর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)-এর অধীনে অবৈধভাবে বালু উত্তোলন করায় চারজনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার মো. সবুজ মিয়া (২৪) ও মো. লুৎফর হোসেন (২৪), টাঙ্গাইল পৌরসভার কাজিপুর এলাকার মো. শাওন মিয়া (১৯) এবং ময়মনসিংহ সদরের বিদ্যাগঞ্জ এলাকার মো. রাকিব (১৮)।
নাগরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিন জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।