Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভুল চিকিৎসায় অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু, ৩ জনকে আইনি নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২২

ঢাকা: অবহেলা ও ভুল চিকিৎসায় একটি অন্তঃসত্ত্বা পার্সিয়ান বিড়ালের মৃত্যুর অভিযোগে ঢাকার গুলশানের বাংলাদেশ এনিমেল কেয়ার সেন্টারের (বিএসিসি) মালিক ও দুই চিকিৎসককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মোহাম্মাদ জাহিদুর রহমান।

তিনি জানান, বিড়ালের মালিক মো. আবিবুর রহমানের পক্ষে গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে বিএসিসির মালিক লাবন্য এবং প্রতিষ্ঠানটির চিকিৎসক ডা. সোলাইমান হোসাইন ও ডা. মো. জুবায়ের-কে এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার কারণে অন্তঃসত্ত্বা বিড়ালটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাত দিনের মধ্যে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় নোটিশপ্রাপ্ত তিনজনের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

নোটিশের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ১ মে জন্মের পর থেকেই বিড়ালটির চিকিৎসা বাংলাদেশ এনিমেল কেয়ার সেন্টারে করিয়ে আসছিলেন মালিক আবিবুর রহমান। গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে বিড়ালটি গর্ভবতী কি না, তা পরীক্ষা করাতে তিনি সেটিকে বিএসিসিতে নিয়ে যান।

সেখানে ডা. সোলাইমান হোসাইন পরীক্ষা করে বিড়ালটিকে গর্ভবতী বলে জানান। তার গর্ভে দুই বা তার বেশি বাচ্চা রয়েছে বলেও চিকিৎসক জানান বলে নোটিশে দাবি করা হয়েছে। এরপর তিনি বিড়ালের জন্য ওষুধ লিখে দেন এবং র‍্যাবিস ও ফ্লুর টিকা দেন বলে নোটিশে উল্লেখ করা হয়।

এরপর ১৩ সেপ্টেম্বর দুপুরে বিড়ালটিকে দ্রুত শ্বাস নিতে দেখে বিএসিসির হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন আবিবুর। রাত সাড়ে ৮টার দিকে তাকে জানানো হয়, ডা. সোলাইমান দায়িত্বে নেই। পরে ডা. জুবায়েরের সঙ্গে যোগাযোগ করা হলে ভিডিও কলের মাধ্যমে বিড়ালটির শারীরিক অবস্থা দেখানো হয়।

নোটিশে বলা হয়েছে, ভিডিও কলে বিড়ালটির অবস্থা দেখে ডা. জুবায়ের এটিকে প্রসবের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ বলে পরামর্শ দেন। বিড়ালের পাশে কাপড় রাখার এবং ঘর অন্ধকার করে দেওয়ার পরামর্শও দেওয়া হয় বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

তবে পরবর্তী সময়ে বিড়ালটির শারীরিক অবস্থার আরও অবনতি হলে রাত ১০টা ৫৩ মিনিটের দিকে আবিবুর একটি ভিডিও পাঠিয়ে ডা. জুবায়েরকে বিষয়টি জানান। পরে তাকে বিড়ালটি নিয়ে জরুরি ভিত্তিতে বিএসিসিতে আসতে বলা হয়।

নোটিশের অভিযোগ অনুযায়ী, রাত সাড়ে ১১টার দিকে বিড়ালটিকে নিয়ে বিএসিসিতে পৌঁছানোর পরও প্রায় ১৫ মিনিট তাকে রিসেপশনে অপেক্ষা করতে হয়। পরে ডা. শিরোপা বিড়ালটিকে অক্সিজেন দিলে তার শ্বাস-প্রশ্বাসে কিছুটা উন্নতি দেখা যায়। এরপর তাকে একটি ইনজেকশন দেওয়া হয়। ইনজেকশনের পর বিড়ালটি উঠে দাঁড়ালে কিছুটা সুস্থ মনে হচ্ছিল বলে নোটিশে দাবি করা হয়েছে।

এর কিছুক্ষণ পর ডা. জুবায়ের বিড়ালটিকে অক্সিজেন ছাড়াই নিয়ে যান। নোটিশে অভিযোগ করা হয়েছে, এর চার থেকে পাঁচ মিনিট পর ডা. শিরোপা এসে বিড়ালটির অবস্থা সংকটাপন্ন বলে জানান। পরে আবিবুর ডা. জুবায়েরের কাছে গিয়ে বিড়ালটিকে মৃত অবস্থায় দেখতে পান বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশদাতার অভিযোগ, ইনজেকশন দেওয়ার পর পর্যাপ্ত সময় পর্যবেক্ষণে না রেখে পরবর্তী চিকিৎসা কার্যক্রম শুরু করার কারণেই বিড়ালটির মৃত্যু হয়েছে।

এ বিষয়ে গত ১৮ সেপ্টেম্বর বিএসিসির মালিক লাবন্যের কাছে গিয়ে অভিযোগ করেন আবিবুর। নোটিশে দাবি করা হয়েছে, ওই সময় লাবন্য চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বীকার করলেও সংশ্লিষ্ট দুই চিকিৎসকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে জানান।

এ অবস্থায় সাত দিনের মধ্যে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বিএসিসির মালিক লাবন্য, ডা. সোলাইমান হোসাইন ও ডা. মো. জুবায়েরকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর