ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক ও উসকানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক রাকিবুল হাসানের আরও ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে রাকিবুল হাসানকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. জেহাদ হোসেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আরও তিন দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামির কাছ থেকে মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার দেওয়া চার মিনিট ২৯ সেকেন্ডের একটি অডিও ডিভিডিতে ধারণ করে জব্দ করা হয়েছে। ওই অডিওর নমুনা কণ্ঠস্বরের সঙ্গে রাকিবুল হাসানের কণ্ঠস্বরের তুলনামূলক পরীক্ষা করার জন্য তাকে পুনরায় পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
শুনানিতে আসামিপক্ষে আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড বাতিলের পাশাপাশি জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে রাকিবুল হাসানকে আদালতে হাজির করা হয়। ওইদিন মামলার তদন্ত কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরে মামলাটির তদন্তভার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক অজ্ঞাতনামা ব্যক্তির সঙ্গে কথোপকথনের একটি অডিও ক্লিপে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক ও উসকানিমূলক মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়েছে।
অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে অব্যাহতি দিয়ে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ক্যান্টনমেন্ট থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়।