Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

কলমবিরতির আল্টিমেটাম দিলেন বিচারকরা

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ১৭:৩০
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: বিচারকদের বাসস্থান ও যাতায়াতের সময় নিরাপত্তা বাহিনী নিযুক্ত করাসহ দুই দফা দাবি আদায়ে ৪৮ ঘণ্টা সময় বেধে দিয়ে আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। দাবি আদায় না হলে আগামী ১৬ নভেম্বর থেকে একযোগে কলমবিরতি পালন করবেন বিচারকরা।

শুক্রবার (১৪ নভেম্বর) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলামের সই বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, আদালত ও বিচারকদের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্ট একাধিকবার সরকারের কাছে চিঠি দিলেও তেমন কোনো বাস্তব পদক্ষেপ দেখা যায়নি। বিচারকদের দাবি- নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিচারকদের কর্মের পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হলে রোববার থেকে সারাদেশে একযোগে কলমবিরতি পালন করবেন বিচারকেরা। এছাড়া, আগামী রোববার সকল বিচারক নিজ নিজ কর্মস্থলে কালো ব্যাজ ধারণ করবেন।

বিজ্ঞাপন

সংগঠনটির দাবি, বিচারিক কার্যক্রম সবচেয়ে ঝুঁকিপূর্ণ হলেও বহু বিচারক, বিশেষ করে জেলা পর্যায়ে, এখনো বাসস্থান ও পরিবহনের সুবিধা থেকে বঞ্চিত। অনেককে অরক্ষিত ভাড়া বাসায় থাকতে হয় এবং রিকশা, ভ্যান বা এমনকি হেঁটে আদালতে যেতে হয়।

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের দাবি হলো-

১️। দেশের সব আদালত প্রাঙ্গণ, বিচারকের বাসভবন ও যাতায়াতের সময় পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা।

২️। রাজশাহীর ঘটনায় বিচারকের পরিবারকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া এবং গ্রেফতার আসামিকে আইনবহির্ভূতভাবে গণমাধ্যমে উপস্থাপন করে অপেশাদার আচরণের অভিযোগে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

এর আগে, গতকাল বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় ভাড়া বাসায় খুন হয় নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ। হামলাকারী লিমন মিয়া (৩৫) তাদের পূর্বপরিচিত। তার হামলায় জখম হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাওসিফের মা তাসমিন নাহার (৪৪)। এ ছাড়া ধস্তাধস্তিতে হামলাকারী লিমন আহত হয়ে হাসপাতালে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন।