Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ মে ২০২৬ ১৭:৩০ | আপডেট: ১০ মে ২০২৬ ১৭:৩২

এনসিপির বাংলামোটর কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম পর্যায়ে ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১০মে) বিকেলে রাজধানীর অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মুখ্য সংগঠক সারজিস আলম এই নামগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তৃণমূল পর্যায়ে ক্লিন ইমেজের নেতৃত্ব তুলে আনতেই এই প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।

চেয়ারম্যান ও মেয়র পদে এনসিপির ঘোষিত ১০০ প্রার্থীর মধ্যে ৫০ জন উপজেলা চেয়ারম্যান ও ৫০ জন পৌরসভার মেয়র প্রার্থী রয়েছেন।

নিচে বিভাগ অনুযায়ী প্রার্থীদের নাম তুলে ধরা হলো-

বিজ্ঞাপন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবিব, বোদায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী শিশির আসাদ ও দেবীগঞ্জ উপজেলায় পৌর মেয়র প্রার্থী মাসুদ পারভেজ। পাশাপাশি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুরের ফুলবাড়িতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমরান চৌধুরী নিশাত, বোচাগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা এম এ তাফসির হাসান, ফুলবাড়ি পৌরসভায় পৌর মেয়র প্রার্থী শিহাব হোসেন, ঘোড়াঘাটে পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল মান্নান ও হাকিমপুরে পৌর মেয়র প্রার্থী রায়হান কবির।

এদিকে নীলফামারীর জলঢাকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু সাইদ লিয়ন, নীলফামারী সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ড. কামরুল ইসলাম, কুড়িগ্রাম সদরের পৌর মেয়র প্রার্থী মাসুম মিয়া, লালমনিরহাটের কালিগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহ সুলতান নাসির উদ্দিন আহমেদ, রংপুরের সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী কৃষ্ণ চন্দ্র বর্মণ ও গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা চেয়ারম্যান পদে খাদিমুল ইসলাম এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যদিকে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় সদর উপজেলা চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম শফিক, উখিয়া উপজেলার চেয়ারম্যান পদে মোহাম্মদ হুসাইন, চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যান পদে রশিদ, মতলব উত্তর উপজেলায় চেয়ারম্যান পদে ইদ্রিস, হোমনা পৌরসভা মেয়র পদে রাজু সরকার, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চেয়ারম্যান পদে আমিনুল হক এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে লড়তে এনসিপির ব্যানারে অংশ নিতে সারাদেশ থেকে হাজারেরও বেশি আবেদন জমা পড়েছিল। সেখান থেকে কঠোর যাচাই-বাছাই শেষে প্রথম ধাপে ১০০ জন উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। তিনি আরও জানান যে, এই প্রক্রিয়াটি চলমান থাকবে এবং আগামী ২০ মে দ্বিতীয় ধাপে আরও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এনসিপির লক্ষ্য হলো আগামী পবিত্র ঈদুল ফিতরের আগেই উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থীর তালিকা জনগণের সামনে তুলে ধরা।

প্রার্থী নির্বাচনের মানদণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন যে, এনসিপি কেবল নিজেদের কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। দেশের বিভিন্ন পর্যায়ের পরিশ্রমী ও গ্রহণযোগ্য নেতৃত্ব, যারা অতীতে মানুষের ওপর জুলুমের সঙ্গে লিপ্ত ছিলেন না এবং যাদের সঙ্গে ফ্যাসিস্ট শক্তির কোনো সরাসরি সম্পৃক্ততা নেই, তাদের স্বাগত জানানো হচ্ছে। এমনকি অন্য কোনো রাজনৈতিক দলের সৎ ও জনবান্ধব নেতারাও যদি এনসিপির সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিতে চান, তবে তাদের আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সার্বিক যাচাই-বাছাই শেষে যোগ্য ব্যক্তিদের সর্বোচ্চ সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।