ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারাদেশে এক হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত এই ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনি এলাকায় দায়িত্ব পালন করবেন। ভোটগ্রহণের পরবর্তী দুই দিন পর্যন্ত তারা মোবাইল কোর্ট পরিচালনার বিশেষ ক্ষমতায় থাকবেন।
তাদের দায়িত্বগুলো হলো
আচরণবিধি সুরক্ষা: প্রার্থী ও সমর্থকদের নির্বাচনি আচরণবিধি মেনে চলা নিশ্চিত করা।
আইন-শৃঙ্খলা রক্ষা: সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় অপরাধ প্রতিরোধ ও শান্তি বজায় রাখা।
বাহিনীর প্রতি নির্দেশনা: স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্বরত বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান।
মোবাইল কোর্ট: ‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’ অনুযায়ী তাৎক্ষণিক বিচারিক কার্যক্রম পরিচালনা।
যোগদান ও প্রশিক্ষণ প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মাঠে নামার আগে এই ম্যাজিস্ট্রেটদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ৭ ফেব্রুয়ারি তাদের সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের (ডিসি) কাছে যোগদান করতে বলা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটরা তাদের নিজ নিজ অধিক্ষেত্রে এসব ম্যাজিস্ট্রেটের দায়িত্ব বণ্টন এবং এলাকা নির্ধারণ করে দেবেন।
প্রতিদিনের মোবাইল কোর্ট পরিচালনার তথ্য নির্ধারিত ছকে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারকে অবহিত করার জন্য প্রজ্ঞাপনে নির্দেশ দেওয়া হয়েছে।