Thursday 05 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশে কর্মসংস্থান বাড়াতে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ২১:০১ | আপডেট: ৫ মার্চ ২০২৬ ২২:৩৫

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘বেকার যুবক-যুবতীদের বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষ করে তুলতে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এ লক্ষ্যে দেশি-বিদেশি শিক্ষকদের সমন্বয়ে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তরুণরা বিভিন্ন দেশের ভাষা শিখে বিদেশে চাকরির সুযোগ পেতে পারে।’

বিজ্ঞাপন

বৈঠকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ কীভাবে দ্রুত সৃষ্টি করা যায় এবং এ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেতে যাতে কাউকে নিজের সহায়-সম্পত্তি বিক্রি করতে না হয়, সেজন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা এবং ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া দেশের তিন আন্তর্জাতিক বিমানবন্দরেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনালে অন্যান্য উন্নত দেশের মতো ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ দিয়েছেন তিনি।

অন্যদিকে, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ঢাকা-১৭ আসনে মহাখালী ক্যান্সার হাসপাতালের কাছে অবস্থিত একটি পুরোনো মন্দির সংস্কারের কাজ আগামী শনিবার থেকে শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর