ঢাকা: ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুস সালাম ব্যাপারী স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
রোববার (৮ মার্চ) দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব দফতরে পদত্যাগপত্র জমা দেন তিনি।
জানা গেছে, স্ত্রীকে কানাডায় বাড়ি কিনে দিয়েছেন- সম্প্রতি একটি গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর এমডিকে ডেকে পাঠায় স্থানীয় সরকার মন্ত্রণালয়। তখন তাকে পদত্যাগ করতে বলা হয়। পরে তিনি পদত্যাগ করেন।
গত বছরের ১১ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে আব্দুস সালাম ব্যাপারীকে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এদিকে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে আব্দুস সালামের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু হয়েছে। ১৯৯১ সালে ঢাকা ওয়াসায় সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন আব্দুস সালাম ব্যাপারী।