Thursday 30 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুপুরের মধ্যে ৪ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৬ ১১:২৫ | আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১৫:৫৯

ফাইল ছবি

ঢাকা: দেশের চার জেলার ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে তীব্র ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।

রোববার (১৫ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া এক বিশেষ পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে এই ঝড় বয়ে যেতে পারে। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই শক্তিশালী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের আশঙ্কায় এই চার জেলার নৌবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঝড়ের পাশাপাশি এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের জন্য দেওয়া সাধারণ পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এর ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৈরী আবহাওয়ার এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর