Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করব: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ১৯:১৭

দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় খাল পুনঃখনন অনুষ্ঠানের ‍উদ্বোধন শেষে সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: আগামী ৫ বছরে দেশের প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, উজান থেকে নেমে আসা অতিরিক্ত পানি ধরে রাখতে পারলে নদীর পাশের মানুষের ক্ষতি কমবে এবং কৃষিকাজেও এর সুফল পাওয়া যাবে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর মৌজার সাহাপাড়ায় খাল খনন শেষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, উজান থেকে পানি নেমে এলে নদীর তীরবর্তী মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং গবাদিপশুরও ক্ষতি হয়। পরিকল্পিতভাবে খাল খনন করা হলে বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সংরক্ষণ করা সম্ভব হবে। এতে একদিকে বন্যার ক্ষতি কমবে, অন্যদিকে সেই পানি কৃষিকাজে ব্যবহার করা যাবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শুষ্ক মৌসুম কিংবা বর্ষা উভয় সময়েই কৃষকদের জন্য পানির সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে কৃষি উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। সব খাদ্য বিদেশ থেকে আমদানি করা সম্ভব নয়, তাই কৃষিকে আরও গুরুত্ব দিতে হবে।

পানির সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভূগর্ভস্থ পানি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রিজার্ভ হিসেবে সংরক্ষণ করা প্রয়োজন। এজন্য ওপরিভাগের পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর