Sunday 22 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৬ ১৯:৪৪

প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: কুমিল্লার রেল ক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেল দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্প্রতি বগুড়ায় ট্রেন দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার দিবাগত রাতে কুমিল্লায় এই মর্মান্তিক প্রাণহানির ঘটনায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী এই সব দুর্ঘটনার নেপথ্য কারণ অবিলম্বে খুঁজে বের করতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ইতোমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন এবং দায়িত্ব পালনে সংশ্লিষ্টদের কোনো প্রকার ব্যর্থতা বা অবহেলা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য যে, কুমিল্লার এই দুর্ঘটনা তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক তিনটি কমিটি গঠন করা হয়েছে এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ইতোমধ্যে প্রাথমিক তদন্তের ভিত্তিতে কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পূর্ণাঙ্গ রিপোর্টের পর আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

ফেনী, হবিগঞ্জ ও জামালপুরসহ দেশের অন্যান্য স্থানে ঘটে যাওয়া দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে প্রধানমন্ত্রী আজ এক বিবৃতিতে বলেন যে, পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্তে এমন প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। প্রতিটি মানুষের জীবনকে মূল্যবান উল্লেখ করে তিনি স্পষ্ট জানিয়েছেন যে, জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং এ ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না। রেলক্রসিং ব্যবস্থাপনা ও সেতুর নিরাপত্তাসহ সামগ্রিক পরিবহন খাতের দুর্বলতাগুলো দ্রুত চিহ্নিত করে জরুরি ভিত্তিতে সংস্কার ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিশেষ নির্দেশনা প্রদান করেছেন।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর