Tuesday 24 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ বায়ুদূষণে বিশ্বে চতুর্থ ঢাকা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ১৪:৪২ | আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৬:১৯

ঢাকা: মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় চতুর্থ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থার তথ্য অনুযায়ী, সকাল ৯টা ৫৬ মিনিটে ঢাকার বায়ুমান সূচক বা একিউআই রেকর্ড করা হয়েছে ১৫৫, যা জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। তালিকায় ২০৫ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে চীনের বেইজিং ও দক্ষিণ কোরিয়ার বুসান, যাদের স্কোর ১৮০ এবং ১৬৩।

একিউআই স্কেল অনুযায়ী, সূচকের মান ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে সেই বাতাসকে সাধারণ মানুষের জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্তদের জন্য এই মাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাংলাদেশে সাধারণত পাঁচটি প্রধান দূষকের ওপর ভিত্তি করে এই সূচক নির্ণয় করা হয়, যার মধ্যে পিএম ২.৫ এবং পিএম ১০-এর মতো অতিক্ষুদ্র কণা অন্যতম।

বিজ্ঞাপন

ঢাকা দীর্ঘ সময় ধরে বায়ুদূষণের কবলে থাকলেও মূলত শীতকালে এই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বায়ুদূষণের ফলে সৃষ্ট জটিলতায় প্রতি বছর বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষ প্রাণ হারাচ্ছেন। তাই বর্তমান পরিস্থিতিতে নাগরিকদের বাইরে চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

সারাবাংলা/এফএন/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর