ঢাকা: তুরস্ক সরকারের আমন্ত্রণে ইস্তাম্বুলে অনুষ্ঠিত হচ্ছে কৌশলগত গণযোগাযোগ সামিট। এই আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ বিভিন্ন দেশের মন্ত্রী এবং আধুনিক গণমাধ্যম ও এর প্রভাব বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অংশগ্রহণ করছেন।
শুক্রবার (২৭ মার্চ) সামিটের উদ্বোধন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। অনুষ্ঠানে মূল বক্তব্য দিবেন তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইয়িলমাজ।
‘এ নিউজ ফ্রেম ওয়ার্ক ফর দ্য গ্লোবাল অর্ডার: এ স্ট্রাটেজিক কমিউনিকেশন পারসপেক্টিভ’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বাংলাদেশের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন।
তিনি বাংলাদেশের মতো একটি জনবহুল ও দ্রুত ডিজিটালায়নশীল দেশে ভুয়া তথ্য ও বিভ্রান্তিমূলক তথ্য মোকাবিলার চ্যালেঞ্জ তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসনামলে জনগণকে নিয়ন্ত্রণ করতে তথ্যকে কৌশলগতভাবে বিকৃত ও ব্যবহার করা হয়েছে।
তথ্যমন্ত্রী তার বক্তব্যে আরও উল্লেখ করেন, এই ডিজিটাল যুগে তথ্য প্রাপ্তি এবং অবাধ তথ্য প্রবাহের মধ্যে একটি কার্যকর সমন্বয় দরকার। একটি নতুন, যুগোপযোগী ফ্রেমওয়ার্ক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে। বাংলাদেশ এ বিষয়ে অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে শিখতে আগ্রহী, পাশাপাশি নিজেদের অভিজ্ঞতার মাধ্যমে বৈশ্বিক জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করতেও প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি জোর দিয়ে বলেন, এই ধরনের অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় ভবিষ্যতে একটি কার্যকর কৌশলগত যোগাযোগ কাঠামো গঠনে সহায়ক হবে এবং বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধিতে অবদান রাখবে। এই প্যানেলে তুরস্কের ভাইস প্রেসিডেন্টসহ উত্তর সাইপ্রাস, কাজাকিস্তান ও সিরিয়ার মন্ত্রীরা অংশগ্রহণ করেন।