Friday 08 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমান ও পর্যটন খাত আধুনিকায়নে জার্মানির সহযোগিতা চাইলেন পর্যটনমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১৬:৫৩ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৭:৪৩

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

ঢাকা: বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়ন এবং আধুনিকায়নে জার্মানির কারিগরি ও নীতিনির্ধারণী সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম।

রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লট্‌জ মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ড. রুডিগার লট্‌জ বর্তমান সরকারের সঙ্গে জার্মানির দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় আশ্বাস দেন। আলোচনার একপর্যায়ে রাষ্ট্রদূত বাংলাদেশের বিমানবন্দরগুলোতে ক্যালিব্রেশন সার্ভিস দেওয়ার ক্ষেত্রে জার্মান প্রতিষ্ঠান ‘এরোডাটা’র বিশেষ আগ্রহের বিষয়টি মন্ত্রীর নজরে আনেন।

বিজ্ঞাপন

এর জবাবে মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত দেশের বিমান খাতকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার লক্ষ্যে জার্মান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আধুনিকায়ন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে জার্মানির অভিজ্ঞতা বাংলাদেশকে সমৃদ্ধ করবে বলে তারা আশাবাদ প্রকাশ করেন।

বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সম্প্রসারণ এবং বেসামরিক বিমান পরিবহন খাতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে আলোচনা হয়।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর