Tuesday 21 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াবের বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ১৮:৪৮ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৮:৫৬

নোয়াব সদস্যদের সঙ্গে প্রাধনমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সদস্যরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী গণমাধ্যমকে এই তথ্য জানান।

মতিউর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে এবং তিনি নোয়াবের উত্থাপিত বিভিন্ন বিষয় মনোযোগ দিয়ে শুনেছেন। প্রধানমন্ত্রী নোয়াবকে সব কাজ করার ব্যাপারে পূর্ণ নিশ্চয়তা দিয়েছেন, তবে এই কাজগুলো করতে কিছুটা সময় লাগতে পারে বলেও উল্লেখ করেছেন।’

বৈঠকে উদার গণতন্ত্রের প্রসঙ্গটি বিশেষভাবে গুরুত্ব পায়। মতিউর রহমান প্রধানমন্ত্রীকে বলেন, ‘তিনি উদার গণতন্ত্রের পথে হাঁটছেন, যা বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সংবাদপত্রের স্বাধীনতা বা প্রেস ফ্রিডমের বিষয়ে নোয়াবের অবস্থানও বৈঠকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, কাউকেই কাস্টডিতে দেখতে চান না।’ কোনো রাষ্ট্রীয় সরকারপ্রধান এর আগে এভাবে বলেননি বলে তিনি উল্লেখ করেন।

এ ছাড়া আগের সরকারগুলোর সময়কার পরিস্থিতির কথা প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে এবং তিনি আশ্বস্ত করেছেন, বর্তমান সরকার সেই পথে হাঁটবে না।

মতিউর রহমান বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলা, গ্রেফতার ও হয়রানির বিষয়টিও বৈঠকে আলোচনায় উঠে আসে। এ বিষয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখবেন এবং সাংবাদিকরা কী কারণে জেলে আছেন বা তাদের জামিন হওয়ার সুযোগ আছে কি না, তা খুব ভালোভাবে দেখবেন। পাশাপাশি ওয়েজবোর্ড সংক্রান্ত বিভিন্ন দাবি এবং সংবাদপত্রের বকেয়া বিল নিয়েও কথা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’

বৈঠকের ধারাবাহিকতা নিয়ে কথা বলতে গিয়ে নোয়াব সভাপতি বলেন, ‘অতীতে এ ধরনের বৈঠক খুব কম হয়েছে। শেখ হাসিনার সময়ে ১৬-১৭ বছরে একবার এবং প্রফেসর ইউনূসের সময়ে ১৮ মাসে একবার মালিক ও সম্পাদকদের সঙ্গে বৈঠক হয়েছে। তবে বর্তমান প্রধানমন্ত্রী প্রতি তিন মাসে একবার বসার প্রতিশ্রুতি দিয়েছেন। এ বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে দেখছি।’

এর ফলে সরকার ও সংবাদপত্র মালিকদের মধ্যে যে দূরত্ব রয়েছে, তা কমে আসবে বলে তিনি জানান।

 

বিজ্ঞাপন

দুধ চা- সেই এক ইতিহাস!
২১ এপ্রিল ২০২৬ ১৮:৫০

আরো

সম্পর্কিত খবর