ঢাকা: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ২৯ হাজার ২৪৮ জন।
শনিবার (২৫ এপ্রিল) ভোররাত ৩টায় দেওয়া হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
এখনও পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৩টি হজ ফ্লাইট, সৌদি এয়ারলাইন্সের ৩০টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করছে।
এদিকে, গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।
প্রসঙ্গত, এবার সৌদি আরবে যাওয়া দু’জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।