ঢাকা: চিন্তা-চেতনা ও মননে গণমাধ্যমের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রোববার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীর তথ্য ভবনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। এর আগে, সকালে রাজধানীর অফিসার্স ক্লাব থেকে তথ্য ভবন অভিমুখে একটি বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন তথ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার নীতিগতভাবে আইনের আওতার ভেতরে সাংবাদিকদের সব ধরনের আইনি সহায়তা প্রদান করতে বদ্ধপরিকর।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে একটি শক্তিশালী কাঠামো বাস্তবায়নের কাজ বর্তমানে চলমান রয়েছে।
তিনি উল্লেখ করেন, নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার লক্ষ্যে যে কাঠামোর রূপরেখা গঠন করা হয়েছিল, এখন প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তথ্য মন্ত্রণালয় সেটি মাঠ পর্যায়ে বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জহির উদ্দিন স্বপন আরও জানান, তারা কেবল কাঠামোগত নয়, বরং চিন্তা ও মননের জায়গা থেকেও সংবাদপত্রের স্বাধীনতাকে সুসংহত করতে চান। প্রথমবারের মতো বিভিন্ন অংশীজনদের সঙ্গে নিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আয়োজন সফল করার জন্য উপস্থিত সকল গণমাধ্যমকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মন্ত্রী।
আলোচনা সভায় তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গণমাধ্যম জগতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।