ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও এক হাজার ২৬১ শিশু।
রোববার (৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ১০ শিশুর মধ্যে একজন নিশ্চিত হামে এবং সন্দেহজনক হামে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ২৬১ শিশুর মধ্যে নিশ্চত হামে ৯৫ শিশু এবং সন্দেহজনক হামে ১ হাজার ১৬৬ শিশু শনাক্ত হয়েছে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ৪০ হাজার ৪৯১ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ৫৩১৩ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ হাজার ৮১৬ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ২৪ হাজার ৯০ রোগী।
এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ২৯৪ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ২৪৪ জন এবং নিশ্চিত হামে ৫০ জনের মৃত্যু হয়েছে।
দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।