Monday 04 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

‎সিনিয়র করেসপন্ডেন্ট
৪ মে ২০২৬ ১১:০৫

‎ঢাকা: ‎পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত ১১৩টি হজ ফ্লাইটে মোট ৪৪ হাজার ৯৫৫ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আর এ পর্যন্ত সৌদি আরবে সাত বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।

‎সোমবার (৪ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

‎জানা গেছে, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪০ হাজার ৮৮৪ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫২টি ফ্লাইটে ২১ হাজার ৩০১ জন, সৌদি এয়ারলাইন্সের ৪১টি ফ্লাইটে ১৫ হাজার ৪২৫ জন এবং ফ্লাইনাসের ২০টি ফ্লাইটে ৮ হাজার ২২৯ জন যাত্রী সৌদি আরবে গেছেন।

বিজ্ঞাপন

‎হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা যান।

‎এতে আরও বলা হয়, সৌদি মেডিকেল টিম ১০ হাজার ৮৭৫ জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসাসেবা দিয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১০ হাজার ৬৮৯ জন স্বাস্থ্যসেবা পেয়েছেন।

‎সরকারি তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন।

‎গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ওইদিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। আগামী ২১ মে শেষ হবে এই ফ্লাইট পরিচালনা। ৩০ মে থেকে শুরু হবে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

‎সারাবাংলা/এনএল/ইআ