ঢাকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন, এই অর্জনকে আমরা লালন করি, আমরা ধারণ করি। এই অর্জনকে ধরে রাখার জন্যেই মুক্তিযুদ্ধকে জাতির কাছে চিরকালের জন্য স্মরণীয় করে রাখার জন্যে আমাদের দেশনেত্রী তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী যিনি মাদার অব ডেমোক্রেসিতে ভূষিত হয়েছিলেন রাষ্ট্রের মহান অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০০১ সালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। তখন থেকেই আমরা কিন্তু বিরোধীদলে থাকতেও মুক্তিযোদ্ধাদের জন্যে কাজ করেছি। স্বাধীনতার ফসলকে মানুষের কাছে পৌছে দেওয়ার জন্য কাজ করেছি, এখনও কাজ করছি।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, চারদিন ব্যাপি জেলা প্রশাসক সম্মেলন হচ্ছে। এই সম্মেলনে আমাদের একটা ছোট সেশন ছিল। সেখানে আমরা এসেছিলাম। স্বাধীনতাযুদ্ধে মুক্তিযোদ্ধাদের যে অবদান তা নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কি কি কাজ করছে এ নিয়ে আমরা জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলেছি। আগামী দিনে যে কাজগুলো করবে তা নিয়েও কথা বলেছি।
এসময় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, বিগত ফ্যাসিবাদী সময়ে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ‘বীরনিবাস’ প্রকল্পে যে দলীয়করণ ও দুর্নীতি হয়েছে, তা তদন্ত করা হবে। ভবিষ্যতে যেন এর পুনরাবৃত্তি না হয়, সেটিও নিশ্চিত করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের চলমান প্রকল্প ও কার্যক্রম কীভাবে পরিচালনা করা হচ্ছে এবং সেগুলোর বাস্তবায়নে ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে। কারণ মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়নে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সঙ্গে আমাদের সেশনটি খুবই ফলপ্রসূ ছিল। আশা করি, আমাদের আগামীর কার্যক্রমগুলো আরও গতিশীল হবে।
তিনি আরও বলেন, আমাদের অনেক সমস্যা রয়েছে। এসব সমস্যা দ্রুত নিরসন করে মন্ত্রণালয়কে জনবান্ধব করতে চাই। সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো বীর মুক্তিযোদ্ধাদের তালিকা, তাদের যথাযথ সম্মান নিশ্চিত করা এবং বীরনিবাস প্রকল্প। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে। বীরনিবাস প্রকল্পে বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার ঘর নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১৭ হাজার ৮০৬টি সম্পন্ন হয়েছে এবং বাকিগুলো নির্মাণাধীন রয়েছে।