Tuesday 05 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর কাছে ৩৮ অডিট রিপোর্ট জমা, উত্থাপন হবে সংসদে

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ মে ২০২৬ ২৩:৫৪

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ওপর প্রস্তুতকৃত ৩৮টি অডিট রিপোর্ট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন বাংলাদেশের মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নূরুল ইসলাম।

মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই রিপোর্ট হস্তান্তর করা হয়। রাষ্ট্রীয় অর্থের সঠিক ব্যবহার এবং সরকারি কার্যক্রমের স্বচ্ছতা যাচাইয়ের উদ্দেশ্যে প্রণীত এই অডিট রিপোর্টগুলো খুব শীঘ্রই জাতীয় সংসদে আলোচনার জন্য পেশ করা হবে বলে জানা গেছে।

সিএজি কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সরকারের মোট ১৭টি মন্ত্রণালয় ও বিভাগ এবং সেগুলোর আওতাধীন বিভিন্ন অধিদপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্পের ওপর ভিত্তি করে এই কমপ্লায়েন্স ও পারফরম্যান্স অডিট রিপোর্টগুলো তৈরি করা হয়েছে। এসব প্রতিবেদনে সংশ্লিষ্ট বিভাগগুলোর আর্থিক ব্যবস্থাপনা এবং প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সংস্কারমূলক সুপারিশ তুলে ধরা হয়েছে। প্রতিবেদন হস্তান্তরের সময় প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

এই প্রতিবেদন প্রদান অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাংবিধানিক নিয়ম অনুসরণ করে সিএজি কর্তৃক প্রণীত এই অডিট রিপোর্টগুলো প্রধানমন্ত্রীর মাধ্যমে প্রথমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে এবং পরবর্তীতে বিস্তারিত আলোচনার জন্য জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। এর ফলে সরকারি তহবিলের ব্যবহার ও প্রশাসনিক স্বচ্ছতা মূল্যায়নের একটি বড় সুযোগ তৈরি হবে, যা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।